কোপা লিবার্তাদোরেস থেকে রোজারিও সেন্ট্রালের বিদায়ের পর নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়া। ৩৮ বছর বয়সী এই উইঙ্গার জানিয়েছেন, তিনি এখনো খেলা চালিয়ে যেতে চান। তবে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবতে হবে তাকে।
ডি মারিয়ার পারফরম্যান্স বলছে, বয়স ৩৮ হলেও এখনো সর্বোচ্চ পর্যায়ে খেলার সামর্থ্য রয়েছে তার। তাই অবসরের বদলে নতুন ক্লাবে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি।
গুঞ্জন রয়েছে, অবসর না নিয়ে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দিয়ে আবারও লিওনেল মেসির সতীর্থ হতে পারেন ডি মারিয়া। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অতীতেও একাধিকবার ডি মারিয়াকে দলে ভেড়ানোর চেষ্টা করেছে ইন্টার মায়ামি। তবে সেসব আলোচনা শেষ পর্যন্ত চূড়ান্ত রূপ পায়নি। ২০২৭ সালকে সামনে রেখে নতুন করে সেই সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
মেসি ও ডি মারিয়ার বন্ধুত্ব এবং মাঠের বোঝাপড়া আর্জেন্টিনা ফুটবলের সাফল্যের অন্যতম বড় গল্প। ২০০৮ বেইজিং অলিম্পিকে সোনার পদক জয়ের মাধ্যমে তাদের সাফল্যের পথচলা শুরু হয়।
২০২১ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে ডি মারিয়ার গোল আর্জেন্টিনাকে ২৮ বছর পর বড় কোনো শিরোপা এনে দেয়। এরপর ২০২২ সালের ফিনালিসিমা ও কাতার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন দুজনই। বিশ্বকাপ ফাইনালে ডি মারিয়ার গোল ও মেসির জোড়া গোলে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা।
সবশেষে ২০২৪ কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে সমৃদ্ধ হয় তাদের সাফল্যের অধ্যায়। এখন দেখার বিষয়, ডি মারিয়া অবসরের পথে হাঁটবেন, নাকি ক্যারিয়ারের শেষ অধ্যায়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়ে মেসির সঙ্গে আবারও একই জার্সিতে মাঠ মাতাবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









