সাব্বির রহমান সবশেষ জাতীয় দলে খেলেছেন ২০২২ সালে। এরপর প্রায় চার বছর পেরিয়ে গেলেও জাতীয় দলে আর ফেরা হয়নি তার। বয়সও এখন ৩৫ চলছে। ফলে জাতীয় দলে ফেরার সম্ভাবনা কিছুটা কম হলেও বাংলাদেশ দলে ফেরার দরজা এখনো পুরোপুরি বন্ধ হয়নি তার জন্য।
সম্প্রতি টপ এন্ড টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ভালো পারফরম্যান্স করেছেন সাব্বির। সাত ম্যাচের ছয় ইনিংসে ব্যাট করে করেছেন ১৮৪ রান। দুটি ফিফটির পাশাপাশি রয়েছে ৪৭ রানের একটি ইনিংস। এমন পারফরম্যান্সের পর জাতীয় দলের বিবেচনায় তিনি আছেন কি না, সে প্রশ্ন উঠেছিল বিসিবির নির্বাচক হাবিবুল বাশারের কাছে।
জবাবে সাব্বিরকে নিয়ে আশার কথা শুনিয়েছেন হাবিবুল বাশার। তিনি বলেন, ‘সাব্বিরকে নিয়ে আমরা চিন্তাভাবনা করেছি। টি-টোয়েন্টি ফরম্যাটে টপ এন্ডে ভালো ব্যাটিং করেছেন। সাব্বিরের সুযোগটা এখনো আসেনি।’
তিনি আরও বলেন, ‘সামনে আমাদের অনেক খেলা আছে, পরিকল্পনায় সে আছে। ও অনেকদিন পর দলে কামব্যাক করেছে। ভবিষ্যতে কী হবে দেখা যাক।’
জাতীয় দলে ফিরতে সাব্বিরকে কী করতে হবে, সেটিও জানিয়েছেন হাবিবুল। তার ভাষ্য, ‘সাব্বিরকে বসিয়ে না রেখে লম্বা সময়ের পরিকল্পনা করে তাকে ‘এ’ দলের টুর্নামেন্টে সুযোগ দেওয়া। সাব্বিরের সক্ষমতা আছে। সে প্রমাণ করতে পারবে নিজেকে। কন্ডিশন অনুযায়ী দল সিদ্ধান্ত নেবে।’
অর্থাৎ, টপ এন্ড টি-টোয়েন্টির পারফরম্যান্সের পর সাব্বির এখনো নির্বাচকদের পরিকল্পনায় রয়েছেন। ‘এ’ দলের হয়ে নিজেকে প্রমাণ করতে পারলে আবারও জাতীয় দলের দরজা খুলতে পারে এই ব্যাটারের জন্য।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









