চীনের মকিতে চলছে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকি। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ নারী দল। পুরো ম্যাচজুড়েই প্রতিপক্ষের ওপর একচেটিয়া আধিপত্য দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলতে থাকে বাংলাদেশ। দলের হয়ে প্রথম গোল করেন কনা আক্তার। এরপর প্রতিপক্ষের রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালিয়ে গোল করেন ইমা ও আইরিন আক্তার রিয়া। দুজনই জোড়া গোল করে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
চতুর্থ কোয়ার্টারে আক্রমণের ধার আরও বাড়ায় বাংলাদেশ। এ সময় দলের অধিনায়ক সারিকা রিমন পরপর দুটি গোল করে ব্যবধান বাড়িয়ে দেন। তার জোড়া গোলে বাংলাদেশের বড় জয় নিশ্চিত হয়।
টুর্নামেন্টের প্রথম ম্যাচেই এমন দাপুটে জয় বাংলাদেশের মেয়েদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন আইরিন আক্তার রিয়া।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









