বাংলাদেশ ক্রিকেটের অনেক ‘প্রথম’-এর সঙ্গে জড়িয়ে আছে সৈয়দ রাসেলের নাম। একসময় ওয়ানডে ক্রিকেটে দুজন পেসার নিয়ে খেললে তাদের একজন থাকতেন রাসেল। তবে ২০১০ সালের পর জাতীয় দলের ক্যারিয়ার আর সেভাবে এগোয়নি তার। ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার পর একসময় কোচিং পেশায় যুক্ত হন তিনি।
ডিপিএল, বিপিএল ও এনসিএলের বিভিন্ন দলের হয়ে কোচিং করিয়েছেন রাসেল। গত কয়েক বছর ধরে খুলনা বিভাগের সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করছিলেন তিনি। তবে আসন্ন লাল বলের এনসিএলে খুলনা দলের দায়িত্বে থাকছেন না এই সাবেক পেসার।
খুলনার দায়িত্বে না থাকলেও এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের পেস বোলিং কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন রাসেল। ঢাকা পোস্টকে একটি সূত্র জানিয়েছে, জাতীয় দলের দায়িত্বে থাকায় তালহা জুবায়ের এইচপিতে সময় দিতে পারবেন না। তার জায়গাতেই রাসেলকে দায়িত্ব দেওয়া হচ্ছে।
চলতি মাসের ১০ সেপ্টেম্বর থেকে এইচপির ক্যাম্প শুরু হওয়ার কথা। এই ক্যাম্পে ২৫ থেকে ২৭ জন ক্রিকেটার ডাক পেতে পারেন। দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাউদ্দিন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









