রবার্ট লেভানডোভস্কি, ফেরান তোরেস ও মার্কাস র্যাশফোর্ড চলে যাওয়ার পর আক্রমণভাগ নিয়ে দুশ্চিন্তায় পড়েছিল বার্সেলোনা। একজন নতুন স্ট্রাইকারের প্রয়োজনীয়তা অনুভব করছিল কাতালান ক্লাবটি। এজন্য অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে জোর চেষ্টা চালিয়েছিল তারা। তবে শেষ পর্যন্ত সফল হয়নি।
আলভারেজকে না পেয়ে শেষ পর্যন্ত গ্যাব্রিয়েল জেসুসের সঙ্গে চুক্তি করেছে বার্সেলোনা। গতকাল ভ্যালেন্সিয়ার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে ক্লাবটির হয়ে অভিষেকও হয়েছে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের।
তবে নতুন স্ট্রাইকারের ঘাটতি থাকলেও গোলের দিক থেকে তার প্রভাব খুব একটা দেখা যাচ্ছে না। লা লিগায় চার ম্যাচের তিনটিতেই পাঁচ গোল করেছে বার্সেলোনা। চার ম্যাচে তাদের গোলসংখ্যা ১৭। এর মধ্যে অস্থায়ী স্ট্রাইকার হিসেবে খেলা রাফিনিয়া একাই করেছেন ছয় গোল। ফারমিন লোপেজ ও লামিনে ইয়ামাল করেছেন চারটি করে গোল।
মনের মতো নতুন স্ট্রাইকার না পেলেও যেভাবে গোলের পর গোল করে চলেছে বার্সেলোনা, তাতে প্রশ্ন উঠতেই পারে—এখনও কি একজন স্ট্রাইকারের প্রয়োজন আছে?
তবে কোচ হ্যান্সি ফ্লিকের ভাবনায় কোনো পরিবর্তন আসেনি। এ বিষয়ে তিনি বলেছেন, ‘এটা আমাদের চিন্তাভাবনায় পরিবর্তন আনছে না। আমাদের সাধারণত সত্যিকারের একজন ৯ নম্বর দরকার, এটা স্পষ্ট। কিন্তু আক্রমণভাগে, এমনকি মাঝমাঠেও আমাদের অনেক সামর্থ্যবান খেলোয়াড় আছে। প্রত্যেকেই গোল করতে পারে।’
অর্থাৎ গোল করার সামর্থ্যে বার্সেলোনার ঘাটতি না থাকলেও একজন স্বীকৃত ৯ নম্বর ফরোয়ার্ডের প্রয়োজনীয়তা এখনো দেখছেন ফ্লিক।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









