এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শুরু করতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে লাল-সবুজদের নতুন অভিযান। ‘গ্রুপ এ’-তে অন্য দুই প্রতিপক্ষ ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা এই দলগুলোর বিপক্ষে খেলাটাকে নিজেদের সামর্থ্য যাচাইয়ের বড় সুযোগ হিসেবেই দেখছে বাংলাদেশ।
মাঠে নামার আগে আত্মবিশ্বাসের সুরে মিডফিল্ডার হামজা চৌধুরী বলেন, ‘‘এই টুর্নামেন্টে খেলতে পেরে আমরা খুবই খুশি, গর্বিতও। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে খেলার এমন সুযোগ তো রোজ আসে না। আমাদের লক্ষ্য একটাই, যত বেশি সম্ভব পয়েন্ট নিয়ে ফেরা। আমরা কাউকে ভয় পেতে আসিনি, নিজেদের ক্ষমতা কতটুকু, তা আমরা ভালো করেই জানি। পাশাপাশি এটা আমাদের শেখারও সুযোগ। যতটা পারি অভিজ্ঞতা নিয়ে দেশের জন্য গর্ব বয়ে আনতে চাই।’’
জাকার্তায় এসে বেশ সন্তুষ্ট হামজা। স্থানীয় মানুষের আন্তরিকতা, অনুশীলনের সুযোগ-সুবিধা, সবই ভালো লেগেছে। তবে এত কিছুর মাঝেও আসল অপেক্ষা ম্যাচের জানিয়ে তিনি বলেন, ‘‘সত্যি বলতে, যেমনটা ভেবেছিলাম, সবকিছু ঠিক তেমনই। এখানকার মানুষ খুব বন্ধুত্বপূর্ণ, ফুটবল নিয়ে তাদের মাতামাতিও দেখার মতো। সুযোগ-সুবিধাও ভালো। শুক্রবারের ম্যাচটার জন্য আমি মুখিয়ে আছি। দেখা যাক, কেমন খেলি আমরা।’’
অনুশীলনের পিচ নিয়েও কোনো অভিযোগ নেই, প্রশংসা করে বললেন, ‘‘পিচগুলো দারুণ, আমাদের জন্য একদম পারফেক্ট। অনুশীলনের জন্য এমন উঁচু মানের পিচ পেয়ে ভালোই লাগছে। স্টেডিয়ামটা এখনো দেখা হয়নি, ইনশাআল্লাহ কাল দেখব। এখন পর্যন্ত সবকিছুই চমৎকার, অভিযোগ করার মতো কিছু নেই। হোটেলটা ভালো, সবাই অমায়িক। পুরোটাই উপভোগ করছি আমরা।’’
এবারের স্কোয়াডে জায়গা পেয়েছেন কয়েকজন নতুন ফুটবলার, তাদের একজন তরুণ ফরহান আলী ওয়াহিদ। জাকার্তার ফ্লাইটেই তার সঙ্গে প্রথম দেখা হয়েছে জানিয়ে হামজা বলেন, ‘‘ফ্লাইটেই ওর সঙ্গে দেখা হয়েছে। আমার মনে হয়, ও নিঃসন্দেহে ভালো ফুটবলার। এখনো বেশ তরুণ। এই টুর্নামেন্টে, আর অবশ্যই লিগেও, ওর সঙ্গে খেলার অপেক্ষায় আছি।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









