বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এই বিস্ফোরণ ঘটায়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুর বিভাগীয় কমিশনার কার্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুর স্কুল অ্যান্ড কলেজের দিক থেকে অর্ধশতাধিক লোক একটি ঝটিকা মিছিল নিয়ে মহাসড়কে ওঠে। মিছিলটি বিভাগীয় কমিশনার কার্যালয়ের কাছাকাছি পৌঁছালে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বিকট শব্দে আশপাশের এলাকা কেঁপে উঠলে পথচারী ও ব্যবসায়ীদের মাঝে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। বিস্ফোরণের পরপরই মিছিলকারীরা জয় বাংলা স্লোগান দিতে দিতে নথুল্লাবাদ ও লাদেন সড়ক হয়ে বিভিন্ন গলিতে পালিয়ে যায়।
ঘটনাস্থলের এক নারী চা দোকানি আতঙ্কের কথা জানিয়ে বলেন, হঠাৎ বিকট শব্দ শুনে তাকিয়ে দেখি কিছু লোক ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান দিতে দিতে গড়িয়ার পাড়ের দিক থেকে পালিয়ে যাচ্ছে।
খবর পেয়ে বরিশাল মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনাস্থলে উপস্থিত বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আনিসুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে এসে সড়কের ওপর কিছু বিস্ফোরণের আলামত পেয়েছি। কিসের ভিত্তিতে এবং কীভাবে এই শব্দের সৃষ্টি হয়েছে, তার উৎস খুঁজে বের করতে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।
মিছিলের বিষয়টি নিশ্চিত করে তিনি আরও জানান, এখানে একটি ঝটিকা মিছিলের কথা আমরা শুনেছি। তবে কোন রাজনৈতিক দল বা গোষ্ঠী এই ঘটনাটি ঘটিয়েছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









