শরীয়তপুরের জাজিরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রকাশ্যে মিছিল করার অভিযোগ উঠেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বড়কান্দি ইউনিয়নের চর খাগুটিয়া এলাকায় ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলের একটি ২ মিনিট ২৯ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে জাজিরা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা বেপারীকে মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায়। মিছিলে প্রায় শতাধিক নেতা-কর্মী অংশ নেন বলে ভিডিওতে দেখা গেছে।
ভিডিওতে মিছিলকারীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এর মধ্যে ছিল‘শেখ হাসিনার জন্মদিন, শুভ শুভ শুভ দিন’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’এ ধরনের স্লোগান। মিছিলের ব্যানারে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের ছবি দেখা যায়।
মিছিলের কারণে ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ও যানজটের সৃষ্টি হয় বলে জানা গেছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও জাজিরায় বিভিন্ন সময়ে সংগঠনটির নেতা-কর্মীদের প্রকাশ্যে মিছিল করতে দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এসব মিছিলের ছবি ও ভিডিও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মীরা প্রকাশ্যে মিছিল ও সমাবেশ করলেও অনেক ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে দৃশ্যমান আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।
সর্বশেষ বুধবারের মিছিলের ক্ষেত্রেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিপুলসংখ্যক নেতা-কর্মীকে প্রকাশ্যে সড়কে মিছিল করতে দেখা যায়। এতে স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদকে একাধিকবার মুঠোফোনে ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।
শরীয়তপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাকারিয়া রহমান বলেন, ‘আমরা বিষয়টি অবগত রয়েছি। সেখানে জাজিরা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা বেপারীর নেতৃত্বে মিছিলটি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ভিডিও দেখে মিছিলকারীদের শনাক্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









