বাংলাদেশি উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাস টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক অনন্য বিশ্ব রেকর্ড গড়েছেন। তিনি টেস্ট ইতিহাসের প্রথম উইকেটকিপার হিসেবে এক ম্যাচে ব্যাট হাতে দুটি পঞ্চাশোর্ধ্ব (৫০+) ইনিংস খেলার পাশাপাশি উইকেটের পেছনে ৯টি ডিসমিসাল করার বিরল কীর্তি স্থাপন করেছেন।
আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্ট ম্যাচের পঞ্চম দিনে আফগান ব্যাটার ইকরাম আলিখিলের ক্যাচটি লুফে নেওয়ার মাধ্যমে তিনি এই মাইলফলক স্পর্শ করেন
বাংলাদেশের প্রথম ইনিংসে ৫৩ রান ও দ্বিতীয় ইনিংসে খেলেন ১০২ রানের ইনিংস। টেস্ট ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে একটি ম্যাচে দুবার ৫০+ রান ও ৯টি ডিসমিসাল করলেন লিটন। আগের রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসের।
১৯৬৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে দুই ইনিংসে ৫০+ রানের সঙ্গে ৮টি ডিসমিসাল করেন লিন্ডসে। সে ম্যাচে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ৬৯ এবং পরের ইনিংসে ১৮২ রান করেন লিন্ডসে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৬টি ক্যাচ নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ক্যাচ নেন দুটি।
আবুধাবি টেস্টে এ পর্যন্ত ৮টি ক্যাচ ও একটি স্টাম্পিং করেন লিটন। টেস্টে এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড হাতছানি দিয়ে ডাকছে তাকে।
ইংল্যান্ডের জ্যাক রাসেল, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও ভারতের ঋষভ পন্ত আপাতত সেই রেকর্ডের যৌথ ভাগিদার। তিনজনই এক ম্যাচে সর্বোচ্চ ১১টি করে ডিসমিসাল করেন। তাদের পাশে বসতে আর ২টি ডিসমিসাল চাই লিটনের। রেকর্ডটি ভাঙতে চাই ৩টি ডিসমিসাল।
ইংল্যান্ডের সাবেক উইকেটকিপার রাসেল ১৯৯৫ সালে জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১টি ডিসমিসাল করেন। ১৮ বছর পর সেই একই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে টেস্টে রাসেলের রেকর্ডে ভাগ বসান প্রোটিয়া কিংবদন্তি ডি ভিলিয়ার্স। ২০১৮ সালে অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১টি ডিসমিসাল করে তাদের পাশে বসেন পন্ত।
টেস্টে এক ম্যাচে উইকেটকিপারদের ৯টি ডিসমিসাল আজসহ মোট ৩১ বার দেখা গেল। ১০টি ডিসমিসাল দেখা গেছে পাঁচবার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









