ফুটবল মাঠে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে এক খেলোয়াড়ের মৃত্যুর ঘটনায় বড় শাস্তি পেয়েছেন এফসি অ্যান্ডোরার গোলরক্ষক হেসুস ওনোও। স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। গত ২ নভেম্বর তেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগেলের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এই শাস্তি দেওয়া হয়েছে।
দ্বিতীয় স্তরের ওই ম্যাচে ২৫ বছর বয়সী ওনোর ট্যাকলে গুরুতর আহত হন ৩০ বছর বয়সী দে মিগেল। সংঘর্ষের পর ওনোকে লাল কার্ড দেখান রেফারি। পরদিন মারা যান তেনেরিফের এই ফরোয়ার্ড।
ফেডারেশনের শৃঙ্খলা কমিটি জানিয়েছে, ঘটনার গুরুত্ব বিবেচনায় সর্বোচ্চ শাস্তি দেওয়া যুক্তিসংগত। রেফারির প্রতিবেদনে বলা হয়েছে, ওনোর ট্যাকলটি প্রতিপক্ষের বুকে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে করা সহিংস আঘাত ছিল।
ম্যাচটি ইনজুরি সময়ের সপ্তম মিনিটে বন্ধ হয়ে যায়। তখন দুই দলের স্কোর ছিল ২-২। ফেডারেশন জানিয়েছে, মর্মান্তিক পরিস্থিতি বিবেচনায় ম্যাচের ফল বহাল রাখা হবে। নতুন করে ম্যাচটি আয়োজন করা হবে না।
এদিকে ওনোর ফুটবলে ফেরা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। বৃহস্পতিবার এফসি অ্যান্ডোরার কোচ কার্লেস মানসো জানান, ইকুয়েটোরিয়াল গিনির এই আন্তর্জাতিক গোলরক্ষক বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। তিনি আবার ফুটবলে ফিরবেন কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ওনোর পাশে থাকবে তারা। ফুটবলে ফেরার জন্য মানসিকভাবে প্রস্তুত না হওয়া পর্যন্ত তাকে পর্যাপ্ত সময় দেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








