টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই একাদশে চ্যাম্পিয়ন ভারতের সর্বোচ্চ চারজন ক্রিকেটারের জায়গা হলেও সুযোগ হয়নি রানার্স-আপ নিউজিল্যান্ডের কোন খেলোয়াড়ের।
সেরা একাদশে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার দু’জন করে খেলোয়াড় আছেন। একজন করে সুযোগ পেয়েছেন পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের।
বিশ্বকাপের সেরা একাদশের অধিনায়ক নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম।
ব্যাটিং অর্ডার অনুযায়ী ওপেনার হিসেবে আছেন পাকিস্তানের শাহিবজাদা ফারহান ও ভারতের সঞ্জু স্যামসন। তিন নম্বরে রাখা হয়েছে ভারতের ইশান কিশানকে। মিডল অর্ডারে মার্করামের সাথে আছেন ভারতের হার্দিক পান্ডিয়া ও ইংল্যান্ডের উইল জ্যাকস।
পান্ডিয়ার সাথে পেস বোলিং অলরাউন্ডার আছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারও। স্পেশালিষ্ট স্পিনার হিসেবে আছেন ইংল্যান্ডের আদিল রশিদ। পেস আক্রমণে রাখা হয়েছে ভারতের জসপ্রিত বুমরাহ, দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি ও জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে।
দ্বাদশ ব্যক্তি যুক্তরাষ্ট্রের শ্যাডলি ভ্যান শ্যালউইক। মাত্র ৪ ম্যাচে ১৩ উইকেট নেন তিনি।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ:
শাহিবজাদা ফারহান, সঞ্জু স্যামসন, ইশান কিশান, আইডেন মার্করাম, হার্দিক পান্ডিয়া, উইল জ্যাকস, জেসন হোল্ডার, জাসপ্রিত বুমরাহ, লুঙ্গি এনগিডি, আদিল রশিদ, ব্লেসিং মুজারাবানি।
দ্বাদশ খেলোয়াড়:
শ্যাডলি ভ্যান শ্যালউইক।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









