পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে কাঁধের ইনজুরি নিয়ে ছিটকে গেলেন লাহোর কালান্দার্সের ব্যাটার পারভেজ হোসেন ইমন। তিনি আজ রাতেই বাংলাদেশের উদ্দেশ্যে পাকিস্তান ছাড়বেন।
শনিবার (১১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স।
বিবৃতিতে লাহোর জানায়, গত ৩ এপ্রিল লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় সতীর্থ আসিফ আলির সঙ্গে সংঘর্ষে কাঁধে চোট পান ইমন। পরবর্তীতে এমআরআই পরীক্ষায় তার কাঁধের লিগামেন্ট ছিড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসকরা। ইমনকে আগামী কয়েক সপ্তাহ বিশ্রাম ও পুনর্বাসনের থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
লাহোর আরও জানায়, ইনজুরির কারনে গত ৯ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে খেলেননি ইমন। শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত স্কোয়াড থেকে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লাহোর কর্তৃপক্ষ।
এবারের আসরে লাহোরের হয়ে তিন ম্যাচে ১৬১.৩৬ স্ট্রাইক রেটে ৭১ রান করেছেন ইমন। এর মধ্যে মুলতান সুলতানসের বিপক্ষে ২টি চার ও ৫টি ছক্কায় ১৯ বলে ৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।
ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ইমনের খেলা অনিশ্চয়তার মুখে পড়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









