হাভিয়ের মাসচেরানো ব্যক্তিগত কারণ দেখিয়ে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) আর্জেন্টাইন এই কিংবদন্তি নিজেই এই সিদ্ধান্তের কথা জানান।
২০২৪ সালের নভেম্বরে ইন্টার মায়ামির দায়িত্ব নিয়েছিলেন মাসচেরানো। তার অধীনে দলটি ৪৭ ম্যাচের মধ্যে ২৭টিতে জয় পেয়েছে। শুধু তাই নয়, গত মৌসুমে ক্লাবটিকে প্রথমবারের মতো এমএলএস কাপ জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
মাসচেরানোর কোচিংয়ে ২০২৪-২৫ মৌসুমে ১০১টি গোল করে গড়ে নতুন রেকর্ড মায়ামি, যা এমএলএসের ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে প্লে-অফেই আসে ২০টি গোল।
ক্লাব বিশ্বকাপেও দলকে সাফল্য এনে দেন তিনি। গ্রুপ পর্বে পোর্তোকে হারিয়ে নকআউটে ওঠে মায়ামি, যদিও শেষ ষোলোতে পিএসজির কাছে হেরে বিদায় নিতে হয়।
বিদায়বার্তায় মাসচেরানো ক্লাব, স্টাফ ও খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে খেলোয়াড়দের প্রশংসা করে তিনি বলেন, তাদের কারণেই স্মরণীয় সময় কাটাতে পেরেছেন। পাশাপাশি সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে ক্লাবের সাফল্য কামনা করেন।
বর্তমানে ইস্টার্ন কনফারেন্সে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মায়ামি। মাসচেরানোর বিদায়ের পর আপাতত অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন গিয়েরমো হোয়োস।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









