অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য প্রথম ম্যাচ খেলতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
শনিবার (১৭ জানুয়ারি) বুলাওয়েতে দুই দেশের ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।
২০২০ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবে প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে। দুর্দান্ত ফর্মে থাকা বাংলার যুবারা সর্বশেষ ২৮টি ইয়ুথ ওয়ানডে খেলে জয় পেয়েছে ১৭টিতে। তারা সেই সঙ্গে এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নও।
তবে ভারতও টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসের সফলতম দল তারা। আইয়ুশ মাত্রের নেতৃত্বে তারা এবারও শিরোপার অন্যতম দাবিদার। ভারতীয় দলের অন্যতম ভরসা সুরিয়া বংশী যুবা দলের বড় শক্তি।
বাংলাদেশ দলের কোচ নাভিদ নাওয়াজ বলেন, ‘প্রতিপক্ষ নিয়ে আমরা খুব বেশি চিন্তিত নই। দুই দলই শক্তিশালী। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েই ম্যাচ খেলব। আমরা অনেকদিন আগে এসেছি, তাই প্রস্তুতিও ভালো হয়েছে। আশা করছি জয় দিয়েই আসর শুরু করব আমরা।’
আজকের ম্যাচের পর আগামী ২০ জানুয়ারি একই ভেন্যুতে নিউজিল্যান্ড এবং ২৩ জানুয়ারি হারারেতে নিজেদের গ্রুপ পর্বে শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









