আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো) আনুষ্ঠানিকভাবে ২০২৬ বিশ্বকাপের জন্য তাদের ২৬ সদস্যের দল ঘোষণা করেছে। এর মাধ্যমে ৫২ বছর পর আবারও ফুটবলের সবচেয়ে বড় আসরে ফিরছে দলটি।
দেশটি এর আগে শুধুমাত্র ১৯৭৪ বিশ্বকাপেই অংশগ্রহণ করেছিল। সে সময় অবশ্য দেশটির নাম ছিল জায়ারে। এবার তারা আসল পরিচয় কঙ্গো নাম নিয়ে নতুন অধ্যায় রচনা করার অপেক্ষায় তারা।
ফরাসি কোচ সেবাস্তিয়েন দেসাব্রের অধীনে ‘কে’ গ্রুপে তারা পর্তুগাল, কলম্বিয়া ও উজবেকিস্তানের সঙ্গে খেলবে। টুর্নামেন্টের অন্যতম কঠিন গ্রুপে পড়লেও প্রতিপক্ষদের বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে চায় আফ্রিকান দেশটি।
দেড় মাস আগে বিশ্বকাপে তোলা দলকে অগ্রাধিকার দিয়েছেন দেসাব্রে। দলে তারকা খেলোয়াড় হিসেবে আছেন অধিনায়ক সেদ্রিক বাকাম্বু, চানসেল এম্বেম্বা ও ফিস্টন মায়েলে। দলে চমক হিসেবে এসেছেন গেল কাকুতা। বিশ্বকাপ বাছাইয়ে তিনি খেলেননি, এমনকি ২০২৪ সালের পর থেকে কঙ্গোর জার্সি গায়ে দেননি। বড় ধরনের হাঁটুর চোট কাটিয়ে দলে ফিরেছেন গেদেওন কালুলু।
কঙ্গো বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: লিওনেল এমপাসি, টিমোথি ফায়ুলু ও মাতিউ ইপোলো।
ডিফেন্ডার: চানসেল এম্বেম্বা, অ্যারন ওয়ান-বিসাকা, অ্যালেক্স তুয়ানজেবে, আর্থার মাসুয়াকু, জোরিস কায়েম্বে, স্টিভ কাপুয়াদি, রকি বুশিরি, ডিলান বাতুদিলসিকা ও গেদেওন কালুলু।
মিডফিল্ডার: নোয়া সাদিকি, স্যামুয়েল মুতুসামি, ইডো কায়েম্বে, এনগালায়েল মুকাউ, চার্লস পিকেল, নাথানেল এমবুকু, ব্রায়ান সিপেঙ্গা, মেশাক এলিয়া ও গেল কাকুতা।
ফরোয়ার্ড: থিও বঙ্গোন্ডা, ফিস্টন মায়েলে, সেড্রিক বাকাম্বু, সাইমন বাঞ্জা ও ইয়োয়ান উইসা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









