চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে সর্বাত্মক কর্মবিরতিতে গেলেন শিক্ষকরা। চুয়েট শিক্ষক সমিতির সিদ্ধান্তে বৃহস্পতিবার রাত থেকে এই পূর্ণ কর্মবিরতি চলছে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে এবং দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও সংগঠনটির জরুরি সভায় জানানো হয়েছে।
এদিকে নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম অনলাইনে দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীদের আন্দোলন আরো বিস্তৃত হয়েছে। তিনি জানান, অনলাইনে তার যোগদান সম্পন্ন হয়েছে এবং শিক্ষা সচিব তার যোগদানপত্র গ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট পক্ষগুলোকে বিষয়টি জানানো হয়েছে।
গতকাল শুক্রবার টানা পঞ্চম দিনের মতো শাটডাউন কর্মসূচি পালনের পর অধ্যাপক শেখ শরীফুল আলমের দায়িত্ব গ্রহণকে প্রত্যাখ্যান করেছেন চুয়েট শিক্ষার্থীরা। দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে যানবাহন শাখা-সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হন তাঁরা। মিছিলটিতে শিক্ষার্থীরা ‘ভিসি হিসেবে কাকে চাই, সায়েম স্যারকেই আবার চাই’, ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আন্দোলনরত শিক্ষার্থীরা পরে বিকেলে দেয়াল লিখন কর্মসূচিও পালন করেন।
শিক্ষার্থীদের চলমান সর্বাত্মক শাটডাউন কর্মসূচির মধ্যেই বৃহস্পতিবার রাতে জরুরি সভায় সর্বসম্মতিক্রমে শিক্ষকদের কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন চুয়েট শিক্ষক সমিতির সভাপতি মো. আহসানউল্লাহ। ওই রাত থেকেই কর্মবিরতি শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা নতুন ভিসিকে বিশ্ববিদ্যালয়ে চাই না।’
পরে সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়, চুয়েটের উপাচার্য পদ থেকে আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ এবং নতুন উপাচার্য নিয়োগ ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে জরুরি সভাটিতে সর্বসম্মতিক্রমে পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভাপতি মো. আহসানউল্লাহ ও সাধারণ সম্পাদক মো. আবুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংগঠনের সদস্যদের নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শিক্ষক সমিতি।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার উপাচার্য পদে যোগদান করেছেন অধ্যাপক শেখ শরীফুল আলম। পরে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে তার যোগদানপত্র পাঠান। এর আগে তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ক্যাম্পাসে যাওয়ার বিষয়ে শেখ শরীফুল আলম বলেন, তিনি শিগগিরই ক্যাম্পাসে যাবেন। এর আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করবেন।
অধ্যাপক সায়েমকে ভিসি পদে পুনর্বহালের দাবিতে সোমবার ২১ সেপ্টেম্বর রাত থেকে চুয়েটে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরদিন থেকে তারা সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করে আসছেন। এর মধ্যে মানববন্ধন, গণস্বাক্ষর, গণঅবস্থান, সংবাদ সম্মেলন, প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি ও মশাল মিছিলসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। ####


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









