বাড়ি ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অজ্ঞাতনামা গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সম্পর্কে তারা দুই চাচাতো ভাই।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার রামরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কান্দিপাড়া এলাকার লিটন খাঁর ছেলে নামিম খাঁ (১৯) এবং একই বাড়ির কিসমত খাঁর ছেলে নিরব খাঁ (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে সদর উপজেলার সুলতানপুর থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন নামিম ও নিরব। পথিমধ্যে রামরাইল এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী গাড়ি তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
একসঙ্গে দুই তরুণ ভাইয়ের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে নিহতদের পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









