একদিকে ন্যায্য মজুরির দাবিতে শ্রমিকদের আন্দোলন, অন্যদিকে উৎপাদন বন্ধ করে দেওয়ায় মালিকপক্ষের হুমকি-দুইয়ের চাপে দেশের তৈরি পোশাকশিল্পে তৈরি হয়েছে অস্থির পরিস্থিতি। কারণ মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সামনে এবার কঠোর অবস্থান নিয়েছেন কারখানার মালিকরা। তাঁদের স্পষ্ট বার্তা-আন্দোলন বন্ধ করে কাজে ফিরতে হবে, অন্যথায় বন্ধ করে দেওয়া হবে কারখানা। ইতিমধ্যে শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের জেরে ১৪৭টি কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। এর মধ্যে ৫৫টি কারখানা বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে মোতায়েন করা হয়েছে ৩৪ প্লাটুন বিজিবি। সব মিলিয়ে মালিক ও শ্রমিকদের পাল্টাপাল্টি অবস্থানে পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ নতুন করে বিস্ফোরণ ঘটিয়েছে।
গতকাল শনিবার গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা-পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং সাভার-আশুলিয়ার একাধিক কারখানা বন্ধের ঘটনায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে।
শ্রমিকদের দাবি, মজুরি বৃদ্ধি, বকেয়া পাওনা পরিশোধ, কাজের চাপ কমানো এবং কর্মক্ষেত্রে অসদাচরণ বন্ধ করতে হবে। অন্যদিকে মালিকরা বলছেন, চলমান বিশৃঙ্খলা ও উৎপাদন ব্যাহত হওয়ার কারণে কারখানা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, শ্রমিকদের মজুরি নিয়ে চলমান সংকট আলোচনার মাধ্যমে সমাধান হবে, নাকি কারখানা বন্ধ ও কর্মসংস্থান হারানোর নতুন সংকট তৈরি হবে?
সড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে সকাল ১০টার দিকে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষ। একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে সংশ্লিষ্ট একটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।
শ্রমিকদের মধ্যে বৃহস্পতিবারের সংঘর্ষে আহত এক সহকর্মীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়। যদিও ওই মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি, তবে এ খবরে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বাড়িয়ে দেয়।
বিক্ষোভকারী শ্রমিক কবির হোসেন বলেন, ‘বৃহস্পতিবার আমাদের কয়েকজন সহকর্মী আহত হয়েছিলেন। আজ সকালে (শনিবার) একজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। এ ঘটনার প্রতিবাদে আমরা কাজ বন্ধ করে রাস্তায় নেমেছি। আমরা বেতন বৃদ্ধিসহ আমাদের ন্যায্য দাবি আদায় করতে চাই।’
শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ ও বিজিবি। কিন্তু অবরোধ প্রত্যাহার না করায় একপর্যায়ে পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে মৌচাক এলাকাতেও শ্রমিকরা অবস্থান নিলে সেখানে একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শনিবার সকালে কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায় ছয় থেকে সাতটি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলে আসেন। এতে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা সরে যান। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তিনি আরো জানান, শিল্প পুলিশ ও জেলা পুলিশের পাশাপাশি বিজিবি এবং আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।
১৩(১) ধারায় বন্ধ, ‘কাজ নেই, মজুরি নেই’
শ্রমিক অসন্তোষের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে। বিভিন্ন কারখানার ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। এসব নোটিশে শ্রমিকদের চলমান আন্দোলন, ধর্মঘট ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।
এরই মধ্যে কয়েকটি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ধারায় কারখানা বন্ধ থাকলে সাধারণভাবে ‘কাজ নেই, মজুরি নেই’ নীতি কার্যকর হয়। ফলে কারখানা বন্ধ থাকার দিনগুলোতে সংশ্লিষ্ট শ্রমিকদের মজুরি না পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অর্থাৎ মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করতে গিয়ে উল্টো আয় বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়েন শ্রমিকরা।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শনিবার দুপুর পর্যন্ত সাভার ও আশুলিয়ায় ১৮টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ করা হয়েছে। এ ছাড়া ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য এবং পাঁচটি কারখানা মৌখিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সাতটি কারখানায় ছুটি দেওয়া হয়েছে। শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় আরো ১২টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে ওইদিন প্রায় ৫৯টি কারখানায় কাজ হয়নি।
অন্যদিকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, শ্রমিকরা কাজে যোগ না দিলে আগামীকাল (রবিবার) থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখতে পারবেন মালিকরা। শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের কারণে সাভার, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। এ ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকরা কোনো মজুরি পাবেন না।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএর প্রধান কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠন দুটির নেতারা। এর আগে চলমান পরিস্থিতি নিয়ে দুই সংগঠনের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে দুই সংগঠনের যৌথ মতবিনিময় সভায় এক হাজারের বেশি পোশাক কারখানার মালিক অংশ নেন। শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় কারখানাগুলোর ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে সেখানে আলোচনা হয়েছে।
মাহমুদ হাসান খান আরো জানান, আগামীকাল সোমবার মজুরি বোর্ডে মালিকপক্ষ তাদের প্রস্তাব দেবে। তবে শিল্পাঞ্চলে বিশৃঙ্খল পরিস্থিতি চলতে থাকলে মজুরি বোর্ডের আলোচনায় অংশ নেওয়া হবে কি না, তা মালিকপক্ষ আলোচনা করে সিদ্ধান্ত নেবে।
মালিকদের এ অবস্থান শ্রমিকদের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। কারণ, আন্দোলনের ফলে কারখানা বন্ধ হলে শুধু চলমান মজুরি সংকট নয়, শ্রমিকদের দৈনন্দিন আয় ও পরিবারের জীবিকাও ঝুঁকির মুখে পড়বে।
সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের কারণে সাভার, আশুলিয়া ও গাজীপুরের কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে। কারখানা সচল রাখতে না পারায় মালিকরা কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, শ্রমিক বিক্ষোভের কারণে ৯২টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। অর্থাৎ মালিকপক্ষের হিসাবে মোট ১৪৭টি কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে।
সব কারখানায় সমস্যা নয়, উসকানির অভিযোগ
শ্রমিক আন্দোলনের পেছনে শুধু মজুরি বৃদ্ধির বিষয় নয়, কারখানাভিত্তিক বিভিন্ন অসন্তোষও কাজ করছে বলে মনে করছেন শ্রমিক নেতারা। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন সম্পাদক খায়রুল মামুন বলেন, সব কারখানায় সমস্যা হচ্ছে, বিষয়টি এমন নয়। হাতে গোনা ১২ থেকে ১৪টি কারখানায় মূলত বকেয়া বেতন, কাজের চাপ ও অসদাচরণসহ বিভিন্ন বিষয়ে শ্রমিকদের ক্ষোভ ছিল।
তাঁর অভিযোগ, শ্রমিকদের এই ক্ষোভকে অস্থিতিশীলতায় রূপ দিতে বহিরাগত দুষ্কৃতকারীরা সুযোগ কাজে লাগিয়েছে। এখন মালিকপক্ষও পরিস্থিতির সুযোগ নিচ্ছে। যেসব কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে, সেখানে যাতে শ্রমিক ছাঁটাই করা না হয়, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আশুলিয়ার এক কারখানার নারী অপারেটরও নিজেদের কারখানা বন্ধ হওয়ার পেছনে অন্য কারখানার শ্রমিকদের সংঘাতকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘আমাদের অফিসে কোনো গ্যাঞ্জাম ছিল না। পাশের কারখানায় ঝামেলা ছিল। ওদের ছুটি দেওয়ার পর বাইরের লোকজন আইসা আমাদের অফিসের গেইট ভাঙছে, সিকিউরিটিরে মারছে। এ কারণে বন্ধ রাখছে। বৃহস্পতিবার ছুটি দিছিল। পরে অনেক অফিস বন্ধ দিছে দেইখা আমাদের অফিসও বন্ধ দিছে। অন্যদের কারণে আমরা ভোগান্তিতে পড়ছি।’
তার এই বক্তব্যে স্পষ্ট, কিছু কারখানার শ্রমিকদের নিজস্ব দাবি-দাওয়া না থাকলেও আশপাশের অস্থিরতার কারণে তাঁদের কর্মস্থল বন্ধ হয়ে যাচ্ছে। এতে নিরপরাধ শ্রমিকদের আর্থিক ক্ষতির আশঙ্কা বাড়ছে।
মজুরি বোর্ডের দিকে তাকিয়ে শ্রমিকরা
পোশাকশ্রমিকরা গত মাস থেকেই মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। পরিস্থিতি সামাল দিতে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি নিম্নতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন। আগামীকাল সোমবার বোর্ডের তৃতীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
মজুরি বোর্ডের কার্যক্রম শুরু হওয়ার পর শিল্পাঞ্চলের পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অসন্তোষ পুরোপুরি কাটেনি। গত শুক্রবার পাঁচটি শ্রমিক সংগঠনের জোটের যৌথ সংবাদ সম্মেলন থেকে শ্রমিকদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়। শ্রমিক নেতারা বলেন, ন্যায্য মজুরি নির্ধারণের প্রক্রিয়া চলমান। এ প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে, এমন কোনো কাজে শ্রমিকদের যুক্ত হওয়া উচিত নয়। উসকানি ও অপতৎপরতা থেকেও বিরত থাকতে হবে। মজুরি বোর্ডকে আলোচনার সুযোগ দিতে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তাঁরা।
একই সঙ্গে মালিকদেরও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খোলা রাখার পরামর্শ দেন শ্রমিক নেতারা। তাঁদের বক্তব্য, বর্তমানে কয়েকটি জায়গায় আন্দোলন চলছে। আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ নষ্ট করা উচিত হবে না।
৩৪ প্লাটুন বিজিবি, বাড়ছে নিরাপত্তা নজরদারি
শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে। শনিবার বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে মোট ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, জিরানী, জামগড়া, নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, ভোগড়া বাইপাস, কাশিমপুরসহ বিভিন্ন এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য প্রযুক্তির মাধ্যমে নজরদারিও চলছে।
সংকটের সমাধান কোথায়?
পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি এখন শুধু শ্রমিক-মালিক বিরোধে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে যুক্ত হয়েছে উৎপাদন ব্যাহত হওয়া, কারখানা বন্ধ, শ্রমিকদের মজুরি হারানোর শঙ্কা এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি। শ্রমিকেরা ন্যায্য মজুরি ও কর্মক্ষেত্রে অধিকার নিশ্চিত করতে চাইছেন। মালিকরা চাইছেন উৎপাদন ও কারখানার নিরাপত্তা নিশ্চিত করে স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে।
কিন্তু আন্দোলন বন্ধের শর্তে কারখানা চালু রাখা কিংবা আন্দোলন অব্যাহত থাকলে কারখানা বন্ধ করে দেওয়ার নীতি দীর্ঘমেয়াদে সংকটের সমাধান নয়। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ আরো বাড়তে পারে। একই সঙ্গে উৎপাদন ব্যাহত হলে ক্ষতিগ্রস্ত হবে শিল্পপ্রতিষ্ঠান, রপ্তানি ও দেশের অর্থনীতি।
এ অবস্থায় মজুরি বোর্ডের আলোচনাকে কার্যকর ও সময়োপযোগী করা, শ্রমিকদের প্রকৃত দাবিগুলো চিহ্নিত করা, কারখানাভিত্তিক সমস্যা সমাধান এবং বহিরাগতদের অনুপ্রবেশ ও সহিংসতা প্রতিরোধ করা জরুরি। পাশাপাশি বন্ধ কারখানাগুলোতে শ্রমিক ছাঁটাই বা অন্যায়ভাবে চাকরিচ্যুতির ঘটনা যাতে না ঘটে, সেটিও নিশ্চিত করতে হবে।
সব মিলিয়ে শিল্পাঞ্চলের পরিস্থিতি এখন এক কঠিন সন্ধিক্ষণে। মালিকদের বার্তা-আন্দোলন বন্ধ করে কাজে ফিরতে হবে, নইলে কারখানা বন্ধ। আর শ্রমিকদের প্রশ্ন-ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিত না হলে তাঁরা কীভাবে কাজে ফিরবেন? এ দুই অবস্থানের মাঝখানে দাঁড়িয়ে সরকার ও মজুরি বোর্ডের কার্যকর ভূমিকার ওপরই নির্ভর করছে দেশের পোশাকশিল্পের স্থিতিশীলতা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









