আওয়ামী লীগ সরকারের সময় দেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৮ শতাংশে উঠেছিল। বিশেষজ্ঞরা তখন থেকেই বলে আসছেন, এই হিসাবে গরমিল আছে। এই পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সরকারের সময় প্রবৃদ্ধির হার খতিয়ে দেখতে বর্তমান সরকার জিডিপির ফরেনসিক অডিট করার উদ্যোগ নেয়। তবে প্রায় সব সরকারের আমলেই প্রবৃদ্ধির সঠিক হিসাব নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।
গত ২০১৪-১৫ অর্থবছর থেকে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার বাড়িয়ে দেখানো হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে তা ১ দশমিক ৩০ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত বেশি দেখানো হয়েছে। বাড়িয়ে দেখানোর সাতটি খাত চিহ্নিত করা হয়েছে। সরকারের করা ফরেনসিক অডিট বা নিরীক্ষায় এ অসংগতির চিত্র উঠে এসেছে।
নিরীক্ষায় বলা হয়েছে, উৎপাদন ও করসংক্রান্ত তথ্যের কারণে জিডিপির হিসাবে প্রায় শূন্য দশমিক ৭ থেকে ১ দশমিক ৩ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত অতিরিক্ত দেখানো হয়েছে। পাশাপাশি জিডিপির হিসাব নির্ভুল ও গ্রহণযোগ্য করতে ১০টি সংস্কার সুপারিশ করেছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)। গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কার্যালয়ে ‘জিডিপির হিসাবের ফরেনসিক অডিট প্রতিবেদন পর্যালোচনা’শীর্ষক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। পরিকল্পনা মন্ত্রণালয় এ সেমিনার আয়োজন করে।
ফরেনসিক অডিটে উঠে এসেছে, ২০১৪-১৫ অর্থবছর থেকে জিডিপি প্রবৃদ্ধির হার প্রকৃত হিসাবের তুলনায় ০.৭ থেকে ১.৩ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত বেশি দেখানো হয়েছে। ২০১৪-১৫ অর্থবছর থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত জিডিপি প্রবৃদ্ধি কখনো ৭ শতাংশের বেশি আবার কখনো এর আশেপাশে ছিল। এরমধ্যে ২০১৮-১৯ অর্থবছরে তো তা পৌঁছে গিয়েছিল ৮ শতাংশের কাছাকাছি। তবে করোনার বছর ২০১৯-২০ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি কমে হয়েছিল ৩.৪৫ শতাংশ।
বাংলাদেশের অর্থনীতি নানা সংকটে পড়ার কারণে ২০২২-২৩ অর্থবছর থেকে কমতে থাকে জিডিপি প্রবৃদ্ধি। এ পরিসংখ্যান নিয়ে নানা সময় উঠেছিল প্রশ্ন। অর্থনীতিবিষয়ক শ্বেতপত্র প্রস্তুতি কমিটির সভাপতি ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ডিস্টিংগুইশড ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য ২০২৪ সালের নভেম্বরে বলেছিলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকার জিডিপি প্রবৃদ্ধির যে পরিসংখ্যান দেখিয়েছিল তা সঠিক নয়।’সেমিনারে বলা হয়, জিডিপি প্রবৃদ্ধি তৈরির জন্য ব্যবহৃত তথ্যের ৬০ শতাংশ ছিল বিবিএসের নিজস্ব জরিপের তথ্য। সেখানে কোনো হস্তক্ষেপ ছিল না। বাকি ৪০ শতাংশ তথ্য ব্যবহার করা হয় এনবিআর, বিনিয়োগ বোর্ডের মতো অন্য সরকারি প্রতিষ্ঠানের তথ্য থেকে। এসব তথ্যে গরমিল ছিল বলে জানানো হয়েছে। সেমিনারে বক্তারা জানান, রাজনৈতিক স্বার্থে এবং তথাকথিত উন্নয়নের বয়ান প্রতিষ্ঠায় এটি করা হয়েছে।
ফরেনসিক অডিটে জিডিপির হিসাবে সাতটি ক্ষেত্রে অতিরিক্ত মূল্যায়ন বা তথ্য বাড়িয়ে দেখানোর প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে উৎপাদন ও করসংক্রান্ত তথ্যের অসংগতি উল্লেখযোগ্য। ২২টি শিল্প উপখাতের তথ্য পরীক্ষা করে গবেষকেরা দেখেছেন, বেশির ভাগ গরমিল হয়েছে সরাসরি জরিপের তথ্যের পরিবর্তে প্রশাসনিক ও অন্যান্য উৎসের তথ্য ব্যবহারের কারণে। সিমেন্ট উৎপাদনের উদাহরণ দিয়ে তিতুমীর বলেন, দেশে সিমেন্টের উৎপাদন যত দেখানো হয়েছে, জিডিপিতে ওই খাতের মূল্য সংযোজনের হিসাবের সঙ্গে তার মিল পাওয়া যায়নি। একই ধরনের অসংগতি পেট্রোলিয়ামসহ কয়েকটি খাতেও পাওয়া গেছে। কোনো কোনো ক্ষেত্রে উৎপাদনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেশি দেখানো হয়েছে, যদিও পরবর্তীকালে তা কমানো হয়েছে। তবে তৈরি পোশাক খাতের নির্ভরযোগ্য তথ্য থাকায় সেখানে এ ধরনের অসংগতি পাওয়া যায়নি।
মূল্যায়নে বলা হয়েছে, ২০১৪–১৫ অর্থবছরে এনবিআরের প্রতিবেদনে দেখা যায়, রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ২০ শতাংশ আর ২০১৬-১৭ অর্থবছরে ২৩ শতাংশ। পরবর্তীকালে এ প্রবৃদ্ধির হার ধীরে ধীরে কমে আসে। সিমেন্ট ও ওষুধশিল্পের মতো বড় খাতে পণ্যের দাম বাড়ার সঙ্গে উৎপাদনের আর্থিক মূল্যও বেড়েছে। তবে সেই মূল্যবৃদ্ধিকে উৎপাদন বৃদ্ধির সঙ্গে গুলিয়ে ফেলার কারণে জিডিপির হিসাবে স্ফীতি তৈরি হয়েছে। বিবিএসের শিল্প উৎপাদন সূচকসহ বিভিন্ন উৎসের তথ্য ব্যবহার করে দেখানো হয়েছে, জিডিপির হিসাব করার সময় একাধিক পর্যায়ে এ ধরনের অতিরিক্ত হিসাব করা হয়েছে। নিরীক্ষায় রাজস্ব ও রপ্তানি পরিসংখ্যানেও গরমিল চিহ্নিত হয়েছে। ইপিবি, কাস্টমস ও বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত রপ্তানি তথ্যে পার্থক্য ছিল। এনবিআরের তথ্যেও সমন্বিত বাজেট ও হিসাবব্যবস্থা (আইবাস) চালুর আগে অসংগতি ছিল বলে জানান তিতুমীর। তিনি বলেন, সরকার এখন রপ্তানির হিসাবের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের তথ্য প্রামাণ্য হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। এসব অসংগতি দূর করতে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিআইডিএসের মূল্যায়নে জিডিপির অতিরিক্ত হিসাবের সাতটি খাত চিহ্নিত করা হয়েছে। প্রথমত, বিবিএসের শিল্প উৎপাদন সূচক গণনায় নমুনার আকার ছোট। ক্ষেত্রবিশেষে বড় শিল্পের উৎপাদন নিরূপণে মাত্র দুটি প্রতিষ্ঠানের তথ্য ব্যবহার করা হয়েছে। দ্বিতীয়ত, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করসংক্রান্ত তথ্য যাচাইয়ের জন্য পর্যাপ্ত বিকল্প তথ্য বা সমন্বিত যাচাইপ্রক্রিয়া নেই। তৃতীয়ত, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যের ক্ষেত্রে অতিরিক্ত মূল্য দেখানোর বা ওভার-ইনভয়েসিংয়ের প্রভাব আছে। চতুর্থত, সরকারি বিভিন্ন সংস্থা ও একচেটিয়া প্রতিষ্ঠানের প্রশাসনিক তথ্য যথাযথ যাচাই ছাড়াই ব্যবহার করা হচ্ছে। পঞ্চমত, নির্মাণ খাতের তথ্যের এক জায়গার পরিবর্তন সামগ্রিক হিসাবে প্রভাব ফেলছে। ষষ্ঠত, ক্ষুদ্র ও কুটিরশিল্পের উৎপাদন নিরূপণে সরাসরি তথ্যের বদলে যান্ত্রিকভাবে প্রাক্কলনের ওপর নির্ভর করা হচ্ছে। সপ্তমত, আগের তথ্যের প্রবণতা ধরে পরবর্তী সময়ের হিসাব করার ফলে বাড়িয়ে দেখানোর ধারা বজায় থেকেছে।
জিডিপির হিসাব আরও নির্ভুল করতে বিআইডিএস ১০টি সংস্কার সুপারিশ করেছে। এর মধ্যে আছে তথ্য সংগ্রহের জন্য মানসম্মত ছক চালু করা, যাতে তথ্যের উৎস ও পরিবর্তনের বিষয়গুলো নথিভুক্ত থাকে। বিবিএসের দ্বিতীয় পর্যায়ের তথ্য ব্যবহারের ক্ষেত্রে কারিগরি যাচাই বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছে। কোনো খাতে উৎপাদন বাড়লে পরিবহনসহ সংশ্লিষ্ট অন্য খাতের তথ্যেও তার প্রতিফলন আছে কি না, তা যাচাই করতে হবে। এ ছাড়া উৎপাদন শিল্পের জরিপ (এসএমআই) নিয়মিত হালনাগাদ, ২০০৫ সালের পুরোনো ভিত্তিবছরের তথ্য নতুন মানদণ্ডে রূপান্তর এবং ইপিবি, এনবিআর ও বাংলাদেশ ব্যাংকের মতো একাধিক উৎসের তথ্য সমন্বয়ের কৌশল তৈরির সুপারিশ করা হয়েছে।
জিডিপি গণনার উৎপাদন ও ব্যয় পদ্ধতির পাশাপাশি যাচাইয়ের জন্য আয় পদ্ধতি ব্যবহারের সুযোগও খতিয়ে দেখতে বলেছে বিআইডিএস। বিবিএসের পেশাগত নেতৃত্ব ও স্বায়ত্তশাসন নিশ্চিত করা, কর্মীদের জন্য উপযুক্ত পেশাগত ক্যারিয়ার কাঠামো তৈরি, তথ্য প্রকাশের আগে কারিগরি পর্যালোচনা ও নির্ভরযোগ্য পদ্ধতি অনুসরণের কথা বলা হয়েছে। পাশাপাশি প্রাক্কলনের তথ্য উন্মুক্ত রাখা ও দ্রুত প্রকাশ এবং জাতীয় অর্থনৈতিক পরিসংখ্যানের মান ও প্রকাশনা নিয়ে কাজ করার জন্য স্থায়ী কমিটি গঠনের সুপারিশ করেছে প্রতিষ্ঠানটি।
রাজনৈতিক স্বার্থে ও উন্নয়নের ইতিবাচক চিত্র তুলে ধরতে জিডিপির হিসাব বাড়িয়ে দেখানো হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ২০১৪-১৫ অর্থবছর থেকে জাতীয় হিসাবের বিভিন্ন ক্ষেত্রে অসংগতি দেখা গেছে। বিশেষ করে যেসব খাতে নির্ভরযোগ্য প্রাথমিক তথ্য পাওয়া যায়নি এবং বিবিএসের প্রত্যক্ষ জরিপের পরিবর্তে প্রশাসনিক বা দ্বিতীয় পর্যায়ের তথ্য ব্যবহার করে জিডিপির হিসাব করা হয়েছে, সেসব খাতে গরমিল বেশি। রাশেদ আল মাহমুদ তিতুমীর আরও বলেন, সরকারি পরিসংখ্যানে আস্থা ফিরিয়ে আনতে বৈজ্ঞানিক গবেষণাপদ্ধতি অনুসরণ করে নিরীক্ষা করা হয়েছে। অর্থনীতিবিদ, পরিসংখ্যানবিদ ও গবেষকেরা প্রতিবেদনটি পর্যালোচনা করেছেন।
ফরেনসিক অডিট তৈরিতে গবেষকদের অবদানের প্রশংসা করে উপদেষ্টা বলেন, তারা কোনো সম্মানী ছাড়াই দিনরাত পরিশ্রম করে এ গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেছেন। পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠায় সরকার তাদের পাশে রয়েছে।
সেমিনারে সম্মানিত অতিথির বক্তব্যে বাংলাদেশ অর্থনীতি সমিতির আহ্বায়ক ও জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, জিডিপির হিসাব নির্ভরযোগ্য করতে বিবিএসের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সক্ষমতা বাড়াতে হবে। বিশেষ করে কৃষি ও অনানুষ্ঠানিক খাতের প্রকৃত অবদান নিরূপণে আরও নিবিড়ভাবে তথ্য সংগ্রহ এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে নমুনা নির্বাচন জরুরি। তিনি জিডিপির হিসাব প্রণয়নে জাতিসংঘের জাতীয় হিসাবব্যবস্থা অনুসরণ এবং জাতীয় ইনপুট-আউটপুট ম্যাট্রিক্স তৈরির সুপারিশ করেন।
সেমিনারে বাংলাদেশ পরিসংখ্যান সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ শাহাদাত হোসেন বক্তব্য দেন। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার এতে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন। বিবিএসের মহাপরিচালক মো. শামীমুল হক ধন্যবাদ জ্ঞাপন করেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বিআইডিএসের গবেষণা পরিচালক ড. অতনু রব্বানী। উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব ড. দিপংকর রায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








