রাজধানীতে নিজের এক টুকরো ঠিকানা—এ স্বপ্ন অনেকেরই। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের কাছে ঢাকায় একটি বাড়ি কিংবা ফ্ল্যাটের মালিকানা এখনো অনেকটা স্বপ্নের মতো। সেই স্বপ্নকে বাস্তবের কাছাকাছি নিয়ে যেতে সাশ্রয়ী আবাসন ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরিতে কাজ করছে নর্থ সাউথ গ্রুপ।
প্রতিষ্ঠার পাঁচ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে বিনিয়োগকারী ও গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। গতকাল শনিবার বনানীতে গ্রুপের করপোরেট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্লট, ফ্ল্যাট ও হোটেল শেয়ারে বিনিয়োগকারী সম্মানিত গ্রাহকদের হাতে বিশেষ উপহার তুলে দেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের পাঁচ বছরের পথচলা, অর্জন, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ গ্রুপের চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম সাজু, ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ আলী খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মাহবুবুল হোসেন খাঁন, চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহফুজুর রহমান (অব.), ডিরেক্টর (অ্যাডমিন) কর্নেল মো. শফিউল আলম খান (অব.), সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আল-আমিন সাগর, দৈনিক এদিনের নির্বাহী সম্পাদক খন্দকার মোজাম্মেল হক, পরিকল্পনা সম্পাদক অচিন্ত্য চয়ন, প্রধান প্রতিবেদক আকতার হোসেন, হেড অফ এইচআর অ্যান্ড অ্যাডমিন আব্দুল্লাহ আল বাকী, অনুষ্ঠান প্রধান শাহীনুর আলম শাহীন এবং হেড অফ ডিজিটাল মো. সাইফুল ইসলাম।
এ ছাড়া প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথি ও বিনিয়োগকারীরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিনিয়োগকারীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানানো হয়। বক্তারা বলেন, গ্রাহকদের আস্থা, ভালোবাসা ও নিরবচ্ছিন্ন সহযোগিতাই নর্থ সাউথ গ্রুপের পাঁচ বছরের পথচলার প্রধান প্রেরণা। এ আস্থাকে পুঁজি করেই প্রতিষ্ঠানটি আবাসন ও বিনিয়োগ খাতে নতুন সম্ভাবনা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, সেবার মান উন্নয়ন এবং বিনিয়োগের নিরাপদ ও সম্ভাবনাময় ক্ষেত্র সম্প্রসারণে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিনিয়োগকারীদের হাতে বিশেষ উপহার তুলে দেওয়ার পর্ব। প্লট, ফ্ল্যাট ও হোটেল শেয়ারে বিনিয়োগকারী গ্রাহকদের হাতে উপহার তুলে দেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় উপহার পেয়ে সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন উপস্থিত গ্রাহকরা।
প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, আবাসন শুধু একটি স্থাপনা নয়, মানুষের স্বপ্ন, নিরাপত্তা ও ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে থাকা এক গুরুত্বপূর্ণ প্রত্যাশা। সেই প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে আবাসনের সুযোগ তৈরি এবং বিনিয়োগকারীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে কাজ করছে নর্থ সাউথ গ্রুপ। আগামী দিনে নতুন নতুন উদ্যোগের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রাহকসেবার পরিধি আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
পাঁচ বছরের এই যাত্রায় গ্রাহক, বিনিয়োগকারী, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আস্থার এই বন্ধন অটুট রেখে আগামী দিনে আরো সাফল্য, সমৃদ্ধি ও নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








