অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের ব্যক্তিগত ছবি ও ভিডিওতে অনুমতি ছাড়া প্রবেশের অভিযোগে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো (প্রায় ৮৮৭ মিলিয়ন ডলার) জরিমানা করেছে ইতালি। দেশটির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ শনিবার (১৪ নভেম্বর) এ জরিমানার ঘোষণা দেয়।
রবিবার (১৫ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষের অভিযোগ, অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত ছবির গ্যালারি, ভিডিও এবং সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করা হয়েছে। এ ক্ষেত্রে ব্যবহারকারীদের কাছ থেকে নির্দিষ্ট ও অবহিত সম্মতি নেওয়া হয়নি। এমনকি বিষয়টি যথাযথভাবে জানানোও হয়নি।
অভিযোগের কেন্দ্রে রয়েছে ফেসবুকের ‘গেট সাজেশনস ফ্রম গ্যালারি হোয়াইল ব্রাউজিং ফেসবুক’ নামের একটি ফিচার। ২০২৩ সাল থেকে চালু থাকা এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ফেসবুক ব্রাউজ করার সময় ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও পোস্ট করার পরামর্শ পান।
ইতালির নিয়ন্ত্রক সংস্থার তদন্তে দেখা গেছে, ফেসবুক অ্যাপটি একবারের অনুমতির মাধ্যমেই গ্যালারিতে প্রবেশের সুযোগ নিত। কিন্তু সেই অনুমতির আগে দেওয়া সাধারণ বিজ্ঞপ্তি থেকে ব্যবহারকারীরা বুঝতে পারতেন না যে, এর মাধ্যমে তাদের ব্যক্তিগত ছবির গ্যালারিতেও প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। ফিচারটি ডিফল্টভাবেও চালু ছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, মেটাকে এখন থেকে এ ফিচার ব্যবহারের জন্য আলাদাভাবে এবং স্পষ্টভাবে ব্যবহারকারীদের সম্মতি নিতে হবে। পাশাপাশি ফিচারটি কী কাজে ব্যবহার হবে এবং কীভাবে এটি বন্ধ করা যাবে, সেটিও পরিষ্কারভাবে জানাতে হবে।
ইতালির প্রায় ২ কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এ ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। জরিমানার পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা, অনিয়মের স্থায়িত্ব এবং তদন্তে মেটার অসহযোগিতার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে।
তবে এ সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেছে মেটা। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, নিয়ন্ত্রক সংস্থার মূল্যায়ন এবং জরিমানার অতিরিক্ত পরিমাণের সঙ্গে তারা একমত নন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনাও রয়েছে তাদের।
উল্লেখ্য, ২০২৫ সালে মেটার বার্ষিক আয় ছিল প্রায় ২০১ বিলিয়ন ডলার এবং নিট মুনাফা ছিল ৬০ দশমিক ৫ বিলিয়ন ডলার। ইতালির আরোপ করা জরিমানার পরিমাণ প্রতিষ্ঠানটির বার্ষিক আয়ের প্রায় শূন্য দশমিক ৪ শতাংশ।
ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও ব্যবহারকারীর সম্মতি নিশ্চিত করার ক্ষেত্রে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব নিয়ে বিশ্বজুড়ে বাড়তে থাকা নজরদারির মধ্যে মেটার বিরুদ্ধে ইতালির এই পদক্ষেপকে বড় ঘটনা হিসেবে দেখা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








