গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে এসব ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করেন। একপর্যায়ে তারা নিলফা বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং আগুন ধরিয়ে দেন।
অন্যদিকে, একই উপজেলার বর্ণি বাজারে যুবদলের এক নেতার ব্যক্তিগত কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।
ঘটনার সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি তিনি জানতে পেরেছেন।
এ বিষয়ে জানতে শনিবার রাতে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ ঘটনায় পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








