ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় হামাসের সশস্ত্র শাখার এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। গতকাল শনিবার খান ইউনিসের মাওয়াসি এলাকায় এ হামলা চালানো হয়।
আজ রোববার (১৫ নভেম্বর) আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে। নিহত সামির আবু ইউনিস (৫৩) রাফা ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গাজার স্থানীয় চিকিৎসাকর্মী ও হামাস সূত্রে জানা যায়, গতকাল শনিবার খান ইউনিসের মাওয়াসি এলাকার একটি সড়কে আবু ইউনিসকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হন। আজ বিকেলে খান ইউনিসে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
হামাসের তথ্য অনুযায়ী, ১৯৯১ সালে সংগঠনটির সশস্ত্র শাখায় যোগ দেন সামির আবু ইউনিস। দীর্ঘ বর্ণিল দায়িত্বের অংশ হিসেবে তিনি রাফা এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে রাফা ব্রিগেডের কমান্ডারের দায়িত্ব পান। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীও আজ হামাসের এক জ্যেষ্ঠ কমান্ডারকে লক্ষ্য করে বিমান হামলার কথা স্বীকার করেছে, তবে তারা তাঁর নাম প্রকাশ করেনি।
২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় বড় ধরনের লড়াই বন্ধ থাকলেও বিচ্ছিন্ন হামলা ও সহিংসতা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতির শর্তানুযায়ী হামাসের নিরস্ত্রীকরণও নিশ্চিত করা সম্ভব হয়নি।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি চালুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে একই সময়ে সংঘটিত বিভিন্ন বিক্ষিপ্ত সংঘাতে ইসরায়েলের ৫ সেনা নিহত হয়েছেন।
উল্লেখ্য, ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ৭৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এর আগে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন যোদ্ধাদের হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলে প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হওয়ার পর গাজায় পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।
কাও


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








