রাজধানীর বেইলি রোডসহ বিভিন্ন রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের পরও থেমে নেই আবাসিক ভবনে ঝুঁকিপূর্ণ রেস্টুরেন্ট ব্যবসা। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমনই চিত্র দেখা গেছে। শুধু তা-ই নয়, আরো ভয়ঙ্কর ব্যাপার হলো, বেশ কিছু ভবনে রেস্তরাঁর পাশাপাশি বিভিন্ন তলায় চরম ঝুঁকি নিয়ে চলছে শিশুদের স্কুলও।
রাজধানীর মিরপুর ৬০ ফিট রোড ২৪১/১ দক্ষিণ পাইকপাড়া, কামাল সরণী, আমতলা মোড়ে একটি বহুতল আবাসিক ভবনের নিচতলায় ‘চিল আউট’নামে একটি রেস্তরাঁকে ভাড়া দিয়েছেন ভবন মালিক। একই ভবনের দ্বিতীয় তলায় ভাড়া দেওয়া হয়েছে ‘পিঙ্গুস’ নামের একটি ইংরেজি বিদ্যাপীঠকে। শিক্ষাপ্রতিষ্ঠানটিতে সকাল-বিকেল দুই শিফটে অর্ধশতাধিক শিক্ষার্থী রয়েছে। যাদের বয়স পাঁচ থেকে ছয় বছরের মধ্যে। ভবনটিতে কখনো আগুন লাগলে বাঁচার চেষ্টাটুকুও করতে পারবে তারা। এছাড়া ১০ তলা এই ভবনের বাকি অংশের পুরোটাই আবাসিক।
ধানমন্ডির সাতমসজিদ রোডেও দেখা গেছে একই চিত্র। ১৩ তলা একটি ভবনে বহু রেস্তরাঁ ও বুফে সার্ভিস এখনো নিয়মিত চলছে। একাধিক তলায় অতিরিক্ত অগ্নিনিরাপত্তা সরঞ্জাম ছাড়াই হাজারো গ্রাহকের আনাগোনা লক্ষ্য করা গেছে ।
এমনই দুটি ভবন কেবি অ্যাভিনিউ ও জিএইচ হাইটস। সাতমসজিদ রোডের এই বহুতল ভবনগুলোতে মূলত অফিসের অনুমোদন থাকলেও বাণিজ্যিকভাবে একাধিক রেস্তরাঁ চালু রয়েছে।
ইম্পেরিয়াল আমিন আহমেদ সেন্টার নামক আবাসিক ও বাণিজ্যিক মিশ্র ভবনটিতে বিভিন্ন তলায় রেস্তরাঁ সচল রয়েছে, যেখানে জরুরি সিঁড়ি সার্ভিস পথ হিসেবে ব্যবহার হচ্ছে।
ধানমন্ডি ২, ৮ ও ২৭ নম্বরের গলির ভবনগুলো : সাধারণ ৫/৬ তলা আবাসিক ফ্ল্যাটের নিচতলা ও ছাদে গড়ে ওঠা বহু 'বুটিক ক্যাফে' ও 'রুফটপ রেস্তরাঁ' ফায়ার লাইসেন্স ছাড়াই বাধাহীন ব্যবসা চালিয়ে যাচ্ছে।
খিলগাঁও সি ব্লকের আবাসিক ভবনসমূহ: খিলগাঁও ফ্লাইওভার থেকে শুরু করে সি ব্লকের মূল সড়কের দুই পাশের প্রায় প্রতিটি ৪ থেকে ৭ তলা ভবনে একাধিক রেস্তরাঁ রয়েছে। ভবনগুলোর সিংহভাগই আবাসিক নকশায় তৈরি। এগুলোর সিঁড়ি অত্যন্ত সরু এবং অধিকাংশ ভবনেই কোনো ফায়ার এক্সিট নেই। নিচতলায় বা পেছনের গলিতে বিশাল আকারের এলপিজি গ্যাস সিলিন্ডারের স্তূপ রেখে এসব রেস্তরাঁ কোনো বাধা ছাড়াই চলছে।
উত্তরা ৩, ৭ ও ১১ নম্বর সেক্টরের বিভিন্ন ভবন: সোনারগাঁও জনপথ ও জসিমউদ্দীন অ্যাভিনিউ সংলগ্ন আবাসিক ভবনের ছাদে নির্মিত রুফটপ রেস্তরাঁগুলোর অধিকাংশের কোনো রাজউক বাণিজ্যিক অনুমোদন বা ফায়ার সেফটি নেই। ছাদের ওঠার একমাত্র রাস্তাটি অনেক সময় রেস্তরাঁর কিচেন বা কাউন্টার দিয়ে অবরুদ্ধ থাকে। দুর্ঘটনায় বাসিন্দাদের ছাদে যাওয়ার পথও এসব রেস্তরাঁর কারণে বন্ধ থাকে।
খোঁজ নিয়ে জানা যায়, আবাসিক ভবনে রেস্তরাঁ পরিচালনার জন্য ‘চিলআউট’কর্তৃপক্ষের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই। অথচ আইন অনুযায়ী আবাসিক জোন বা আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহার বা রেস্তরাঁ পরিচালনার কোনো সুযোগ নেই।
খোঁজ নিয়ে জানা যায়, আবাসিক এই ভবনটিতে ‘চিল আউট’- কর্তৃপক্ষ রেস্তরাঁ পরিচালনার জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে কোনো ছাড়পত্র বা অনুমোদন নেয়নি। ভাড়াবাড়িতে রেস্তরাঁ পরিচালনার ক্ষেত্রে চুক্তিনামায় বাণিজ্যিক কার্যক্রমের স্পষ্ট অনুমতি এবং ভবন মালিকের লিখিত অনাপত্তিপত্রও নেই। ওপরের তলায় স্কুল এবং আবাসিক ফ্ল্যাট থাকা সত্ত্বেও ফায়ার সেফটি প্রটোকল সম্পূর্ণ উপেক্ষা করে এখানে রান্নার ব্যবস্থা রাখা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে বাধ্যতামূলকভাবে ফায়ার লাইসেন্স ও অগ্নিনির্বাপণ নকশা সংগ্রহ না করেই প্রতিষ্ঠানটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বছরের পর বছর।
এদিকে স্থানীয় সরকার আইন অনুযায়ী ব্যবসা পরিচালনার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে উপযুক্ত ক্যাটাগরির ট্রেড লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। রেস্তরাঁর বর্জ্য, ধোঁয়া ও পোড়া তেল যাতে আশপাশের আবাসিক পরিবেশের ক্ষতি না করে, সে জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া আইনগতভাবে বাধ্যতামূলক হলেও এখানে তা মানা হয়নি। ‘বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪’অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয় বা নির্ধারিত পোর্টাল থেকে নির্দিষ্ট নিবন্ধন সনদ, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ফুড বিজনেস গ্রেডিং লাইসেন্স এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-টিআইএন ও ভ্যাট নিবন্ধন নিশ্চিত করার কথা থাকলেও তা উপেক্ষিত রয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে শীতের মৌসুমে এদেশে অগ্নিকাণ্ড বেশি ঘটে। পুরোপুরি শীত শুরুর আগে এরই মধ্যে দেশের বেশ কয়েকটি স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সূত্র বলছে, দেশজুড়ে ৩৭.৩৯ শতাংশ স্থাপনা অগ্নিঝুঁকিতে রয়েছে। এদিকে একটি জনবহুল এলাকার আবাসিক ভবনে একটি স্কুলের নিচে এ ধরনের ঝুঁকিপূর্ণ রেস্তরাঁ পরিচালনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। কোমলমতি শিক্ষার্থী ও সাধারণ বাসিন্দাদের জীবন সুরক্ষায় অবিলম্বে রাজউক, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট প্রশাসন যৌথভাবে এই ‘চিল আউট’রেস্তরাঁর বৈধতা এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার দাবি স্থানীয়দের। নাম প্রকাশ্যে অনিচ্ছুক পাশের এক দোকানদার এই প্রতিবেদককে বলেন, রেস্তরাঁটির গ্যাস সিলিন্ডার থেকে যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে। ভবনটির ঠিক ওপরেই শিশুদের একটি স্কুল থাকায় বিষয়টি আরো ঝুঁকিপূর্ণ। ভবন মালিক অর্থের লোভে বাচ্চাদের ও ভবনের অন্যান্য বাসিন্দাদের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন।
এ বিষয়ে জানতে ভবন মালিকের মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি। এসব অভিযোগের বিষয়ে ‘চিল আউট‘ রেস্তরাঁর মালিক মো. রাশেদ দৈনিক এদিনকে বলেন, এতকিছু ভেবে তো আর রেস্তরাঁ খোলা হয়নি। তবে ঝুঁকির বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘আমি ছোট ব্যবসায়ী। এত নিয়ম-কানুন সম্পর্কে আমার জানা নেই।’
এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের ভাষ্য, এখানে অনেক ছোট বাচ্চা পড়তে আসে। তাদের নিরাপত্তার বিষয়টি আমাদের ভাবনায় আছে।
ফায়ার সার্ভিস মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ এদিনকে বলেন, ‘একই ভবনে স্কুল ও রেস্তরাঁ কিভাবে হয়! এমন যদি কোথাও থেকে থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এদিনকে বলেন, ‘এমন তো হওয়ার কথা নয়। তারপরও যদি এমন কোনো রেস্তরাঁ থাকে তাহলে নিয়ম অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








