কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে অবৈধভাবে পুশইন করানোর একটি বড় প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৫ জুন) বিকেলে কুষ্টিয়া ব্যাটালিয়ন-৪৭ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি এই তথ্য নিশ্চিত করেছেন।
চার দিন সীমান্তে বিজিবি’র শক্ত অবস্থানের মুখে অবশেষে আজ বেলা ১১টার দিকে ১২ জন ব্যক্তিকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে বিএসএফ।
বিজিবি জানায়, ১২ জুন আনুমানিক ভোর ৫টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীন প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৮/৩-এস-এর নিকট দিয়ে বিএসএফ-এর রানীনগর ক্যাম্প কর্তৃক ১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করা হয়। অনুপ্রবেশকারীদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন মহিলা এবং ৪ জন শিশু ছিল।
বিজিবি’র গোয়েন্দা তথ্য ও সীমান্তে নিয়োজিত টহল দলের কঠোর সতর্ক অবস্থানের ফলে বিষয়টি দ্রুত শনাক্ত করা সম্ভব হয়। তাৎক্ষণিকভাবে প্রাগপুর বিওপির বিজিবি টহল দল স্থানীয় জনসাধারণের সহযোগিতায় বিএসএফ-এর এই অবৈধ অনুপ্রবেশের চেষ্টা সফলভাবে প্রতিহত করে।
পুশইন প্রচেষ্টায় ব্যর্থ হওয়ার পর, উক্ত ১২ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি গত ১২ জুন থেকে ১৫ জুন এই ৪ দিন সীমান্তের শূন্য রেখা হতে ৩০ গজ ভারতের অভ্যন্তরে, কাঁটাতারের বেড়ার বাইরে খোলা আকাশের নিচে অবস্থান করছিল। এই উদ্ভূত পরিস্থিতিতে বিজিবি উক্ত এলাকায় টহল তৎপরতা ব্যাপক জোরদার করে এবং সীমান্তে কঠোর প্রতিরক্ষামূলক অবস্থান গ্রহণ করে।
এরই মধ্যে পরিস্থিতি সামাল দিতে গত ১৩ জুন বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ-এর এই ধরনের একতরফা ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে বিজিবি’র পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়।
বিজিবি’র অনড় অবস্থানের মুখে আজ ১৫ জুন বিএসএফ’র ডেপুটি কমান্ডেন্ট (উপ-অধিনায়ক) এবং রানীনগর বিএসএফ কোম্পানী কমান্ডার সীমান্তের শূন্য রেখায় একটি জরুরি ‘স্পট মিটিং’-এর জন্য বিজিবিকে আহ্বান জানান।
বৈঠক চলাকালে বিএসএফ’র ডেপুটি কমান্ডেন্ট দাবি করেন, তাদের কাঁটাতারের বেড়ার গেট সর্বদা বন্ধ থাকে এবং তারা এ ধরনের কোনো কার্যক্রমে জড়িত নয়।
বিএসএফ’র এমন দাবির জবাবে কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক বলেন, ‘‘উক্ত ব্যক্তিরা যেকোনো গেট ব্যবহার করে আসুক না কেন, সেটি মূল বিষয় নয়, প্রকৃত বিষয় হলো তারা ভারত হতে এসেছে এবং বর্তমানে ভারতীয় ভূখণ্ডেই অবস্থান করছে।’’ একই সাথে বিজিবি তাদেরকে অবিলম্বে ভারতের কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য জোরালো ও আইনি আহ্বান জানায়।
বিজিবি’র অবস্থানের প্রেক্ষিতে আজ সোমবার (১৫ জুন) বেলা আনুমানিক ১১টার সময় বিএসএফ উল্লিখিত ১২ জন ব্যক্তিকে ভারতের কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। বিজিবি ও বিএসএফ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই প্রক্রিয়া সম্পন্ন হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি বলেন, ‘‘অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নেওয়ার পর বিজিবি-বিএসএফ উভয় পক্ষ শূন্য রেখা ত্যাগ করে নিজ নিজ দেশের অভ্যন্তরে প্রত্যাবর্তন করেছে।’’
বর্তমানে উক্ত সীমান্তবর্তী এলাকায় বিজিবি’র নিয়মিত সীমান্ত টহল কার্যক্রম অত্যন্ত জোরালোভাবে চলমান রয়েছে এবং এলাকার সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









