সিলেটে চলছে বিশ্বকাপ ফুটবলের তুমুল উন্মাদনা। তবে এই উন্মাদনার মাঝেই নেমে এলো বিষাদের ছায়া। নিজের পছন্দের ফুটবল দলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোর গুরুতর আহত হয়েছে। বর্তমানে সে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
সোমবার (১৫ জুন) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন কুচাই পশ্চিমভাগ গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আহত কিশোরের নাম হামিদ আহমদ (১৫)। সে কুচাই পশ্চিমভাগ গ্রামের আক্তার মিয়ার ছেলে এবং পর্তুগাল ফুটবল দলের সমর্থক।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরের দিকে হামিদ আহমদ বাড়ির পাশে একটি গাছে তার প্রিয় দল পর্তুগালের পতাকা টানাতে ওঠে। গাছের মগডালে পতাকা বাঁধার সময় অসাবধানতাবশত গাছের পাশ দিয়ে বয়ে যাওয়া উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে আসে সে। মুহূর্তের মধ্যে শক্তিশালী লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করেন। দ্রুত তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা বিভাগে (আইসিইউ) ভর্তি করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি এদিনকে জানান, পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোর গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









