জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার আগামী ৬ মাসের জন্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে। নিয়ম অনুযায়ী প্রতি ছয় মাস পরপর সঞ্চয়পত্রের সুদহার পর্যালোচনা করে পুনর্নির্ধারণ করা হয়। চলতি বছরের জানুয়ারিতে সুদহার কমানোর ঘোষণা দেওয়া হলেও পরে সেই সিদ্ধান্ত বাতিল করে আগের হারই বহাল রাখা হয়।
একসময় সঞ্চয়পত্রের সুদহার দীর্ঘদিন অপরিবর্তিত থাকত। তবে ২০২৫ সালের জানুয়ারি থেকে প্রতি ছয় মাস অন্তর হার পুনর্নির্ধারণের নীতি চালু হয়। ট্রেজারি বন্ডের সুদের হারের সঙ্গে সামঞ্জস্য রেখে সঞ্চয়পত্রের মুনাফা নির্ধারণের কথা জানানো হয়েছিল।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, সুদহার কমানো হলে সরকারের প্রায় দুই হাজার কোটি টাকা সাশ্রয় হতো। কিন্তু মধ্যবিত্ত ও অবসরপ্রাপ্ত অনেক মানুষ সঞ্চয়পত্রের আয় দিয়ে সংসার চালান বলে বর্তমান হার বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমান ব্যবস্থায় বিনিয়োগকারীদের দুটি ধাপে ভাগ করা হয়েছে। ৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগকারীরা প্রথম ধাপে এবং এর বেশি বিনিয়োগকারীরা দ্বিতীয় ধাপে অন্তর্ভুক্ত। প্রথম ধাপের বিনিয়োগকারীরা তুলনামূলক বেশি মুনাফা পান। বিভিন্ন সঞ্চয় কর্মসূচিতে সর্বোচ্চ মুনাফার হার ১১ দশমিক ৭৭ শতাংশ থেকে ১১ দশমিক ৯৮ শতাংশ পর্যন্ত রয়েছে।
আয়কর আইনে সঞ্চয়পত্রের মুনাফার ওপর ১০ শতাংশ অগ্রিম কর কেটে রাখার বিধান রয়েছে। নতুন বাজেট অনুযায়ী, এই কর চূড়ান্ত কর দায় হিসেবে গণ্য হবে না; বছর শেষে আয়কর রিটার্নে সমন্বয় করা যাবে। প্রযোজ্য করের চেয়ে বেশি কর কাটা হলে অতিরিক্ত অর্থ ফেরত পাওয়া যাবে।
বর্তমান নিয়ম অনুযায়ী ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) প্রয়োজন। ফলে যাদের করযোগ্য আয় নেই, তারাও টিআইএন নিয়ে আয়কর রিটার্ন জমা দিয়ে কাটা অগ্রিম কর ফেরত নেওয়ার সুযোগ পাবেন।
কোন সঞ্চয়পত্রে কত মুনাফা
পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে প্রথম ধাপের বিনিয়োগকারীরা মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়ন করলে প্রথম বছরে ৯.৭৪ শতাংশ, দ্বিতীয় বছরে ১০.২১ শতাংশ, তৃতীয় বছরে ১০.৭২ শতাংশ, চতুর্থ বছরে ১১.২৬ শতাংশ এবং পঞ্চম বছরে ১১.৮৩ শতাংশ মুনাফা পাবেন। দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা একই ক্ষেত্রে যথাক্রমে ৯.৭২, ১০.১৯, ১০.৭০, ১১.২৩ ও ১১.৮০ শতাংশ হারে মুনাফা পাবেন।
তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে প্রথম ধাপের বিনিয়োগকারীরা প্রথম বছরে ১০.৬৫ শতাংশ, দ্বিতীয় বছরে ১১.২২ শতাংশ এবং তৃতীয় বছরে ১১.৮২ শতাংশ হারে মুনাফা পাবেন। দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা যথাক্রমে ১০.৬০, ১১.১৬ ও ১১.৭৭ শতাংশ হারে মুনাফা পাবেন।
পেনশনার সঞ্চয়পত্রে প্রথম ধাপের বিনিয়োগকারীরা প্রথম বছরে ৯.৮৪ শতাংশ, দ্বিতীয় বছরে ১০.৩২ শতাংশ, তৃতীয় বছরে ১০.৮৪ শতাংশ, চতুর্থ বছরে ১১.৩৯ শতাংশ এবং পঞ্চম বছরে ১১.৯৮ শতাংশ হারে মুনাফা পাবেন। দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা যথাক্রমে ৯.৭২, ১০.১৯, ১০.৮৪, ১১.৩৯ ও ১১.৯৮ শতাংশ হারে মুনাফা পাবেন।
পরিবার সঞ্চয়পত্রে প্রথম ধাপের বিনিয়োগকারীরা প্রথম বছরে ৯.৮১ শতাংশ, দ্বিতীয় বছরে ১০.২৯ শতাংশ, তৃতীয় বছরে ১০.৮০ শতাংশ, চতুর্থ বছরে ১১.৩৫ শতাংশ এবং পঞ্চম বছরে ১১.৯৩ শতাংশ হারে মুনাফা পাবেন। দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা যথাক্রমে ৯.৭২, ১০.১৯, ১০.৭০, ১১.২৩ ও ১১.৮০ শতাংশ হারে মুনাফা পাবেন।
পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটে প্রথম ধাপের বিনিয়োগকারীরা প্রথম বছরে ১০.৬৫ শতাংশ, দ্বিতীয় বছরে ১১.২২ শতাংশ এবং তৃতীয় বছরে ১১.৮২ শতাংশ হারে মুনাফা পাবেন। দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা যথাক্রমে ১০.৬০, ১১.১৬ ও ১১.৭৭ শতাংশ হারে মুনাফা পাবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









