চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দিনব্যাপী নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার সোনাবর আদর্শ কলেজ মাঠে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে রূপসী বাংলা ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জুমারপাড়া কিশোরী ক্লাব।
‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ প্রতিপাদ্যে টুর্নামেন্টের আয়োজন করে চাঁদপুর সাগেন সাকাম যুব স্পোর্টিং ক্লাব। এতে আটটি দল অংশ নেয়।
আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং কমিটির সভাপতি প্রদীপ হেবরনের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সাদিকুল ইসলাম। এ সময় ইউপি সদস্য ইমামুল হক, নারী ইউপি সদস্য জুলেখা খাতুন, বিএনপি নেতা নজরুল ইসলাম, ডা. আশরাফুল ইসলাম, মোজাম্মেল হক, ইয়াসিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে অংশ নেওয়া অন্য দলগুলো হলো উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প পাড়ল, শ্রীকান্ত একাদশ তানোর, জুনিয়র গার্লস, ম্যাকস ফুটবল একাদশ সুন্দরপুর, ধামইরহাট উপজেলা গ্রিন ভয়েস ও রাজশাহী কিংস ফুটবল দল।
খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









