পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে প্রথম ধাপে রাজবাড়ীর কালুখালী ও বালিয়াকান্দি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশন এ তালিকা প্রকাশ করে। রাজবাড়ীর পাঁচ উপজেলার মধ্যে দ্বিতীয় ধাপে গোয়ালন্দ ও রাজবাড়ী সদর এবং তৃতীয় ধাপে পাংশা উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসির আগের রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের কথা রয়েছে।
কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে।
সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








