জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাবেক সংসদ সদস্য আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে ২১ নভেম্বর সকালে মহাদেবপুরের জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে আকতার হামিদ সিদ্দিকী ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মরহুমের ছোট ছেলে রেজওয়ান আরেফিন সিদ্দিকী আয়োজনে স্থানীয় সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
আকতার হামিদ সিদ্দিকী ১৯৯১ সালে বিএনপির প্রার্থী হিসেবে নওগাঁ-৩ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিল। পরে ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থীদের পরাজিত করে সংসদ সদস্য হন তিনি। ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন। এ সময়ে মহাদেবপুর ও বদলগাছীতে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হয়। বিশেষ করে অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তার ভূমিকার কথা স্মরণ করেন স্থানীয়রা।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন। ২০০৯ সালের ২১ মার্চ আওয়ামী লীগ সরকারের শাসনামলে গোয়েন্দা পুলিশ (ডিবি) মহাদেবপুরের নিজ বাড়ি থেকে বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০১২ সালের ১৭ সেপ্টেম্বর আদালত তাকে বেকসুর খালাস দেন।
১৯৪৭ সালের ৩০ মে নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের উত্তরগ্রাম গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আকতার হামিদ সিদ্দিকী। তার বাবা আরিফ হোসেন মণ্ডল। তিনি ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার নামে মহাদেবপুরের মোল্লাকুড়ি মোড়ে একটি কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। তবে দীর্ঘদিনেও প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়নি।
চিকিৎসাধীন অবস্থায় ২০১৭ সালের ১৯ নভেম্বর ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান সাবেক এই ডেপুটি স্পিকার। মৃত্যুর নয় বছর পরও তাঁর রাজনৈতিক জীবন, সংসদীয় দায়িত্ব ও এলাকার উন্নয়ন কর্মকাণ্ড স্মরণ করেন স্থানীয় মানুষ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








