জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আগামী ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে পোশাকশিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে সংগঠনটি।
এর আগে, গত ২১ অক্টোবর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব ওয়ালীউল দামান।
প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সাধারণ ছুটি পালন করা হবে। এর ফলে দিনটি আনুষ্ঠানিকভাবে সরকারি সাধারণ ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়।
এর আগে গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত করার সিদ্ধান্ত হয়। পরে ওই সিদ্ধান্ত বাস্তবায়নে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।
সরকারের এ সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবার ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা করল বিজিএমইএ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









