গত ১০ বছরে বাংলাদেশি টাকার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ। মূল্যস্ফীতি বাড়ার পেছনে এটিও অন্যতম কারণ বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৬’-এ এসব কথা বলেন তিনি।
বৈশ্বিক ভূরাজনৈতিক সংঘাত, জ্বালানি বাজারের অস্থিরতা এবং সরবরাহ ব্যবস্থার অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, বিনিয়োগ সম্প্রসারণ ও জ্বালানি নিরাপত্তার কৌশল নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়। ‘বৈশ্বিক অনিশ্চয়তায় অর্থনীতির রোডম্যাপ: সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তার কৌশল’ ছিল এবারের সম্মেলনের প্রতিপাদ্য।
গভর্নর বলেন, গত এক দশকে টাকার ৬০ শতাংশ অবমূল্যায়ন হয়েছে, যা মূল্যস্ফীতি বৃদ্ধির অন্যতম কারণ। বাণিজ্যিক ব্যাংকগুলো চাইলে আমদানিকারকদের কাছে তুলনামূলক কম দামে ডলার সরবরাহ করতে পারে।
বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি না বাড়ার পেছনে উচ্চ সুদহারকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। এ সময় ভবিষ্যতে নীতি সুদহার কমানোর ইঙ্গিত দেন গভর্নর। পাশাপাশি যেকোনো উপায়ে বন্ধ কলকারখানাগুলো চালু করতে ব্যাংকগুলোকে উদ্যোগী হওয়ার তাগিদ দেন।
সম্মেলনে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, অর্থায়নের পাশাপাশি বিনিয়োগের ক্ষেত্রে জ্বালানি সংকটও বড় বাধা। তবে আপাতত দেশে গ্যাস ও বিদ্যুতের সংকটের আশঙ্কা নেই। আগামী বছরের চাহিদা বিবেচনায় রেখেও প্রস্তুতি নেওয়া হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








