গোপালগঞ্জে বাসের ধাক্কায় মহিবুল মোল্লা (৪৫) নামে এক সাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন পথচারী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেন। এতে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিবুল মোল্লা গোয়ালা চন্দ্রদিঘলিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, চন্দ্রদিঘলিয়া হাট থেকে কেনাকাটা শেষে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন মহিবুল। এ সময় ঢাকা থেকে খুলনাগামী ফাল্গুনী পরিবহনের একটি শীতাতপনিয়ন্ত্রিত বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আরও তিন পথচারী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে দুর্ঘটনা ও বাসে অগ্নিসংযোগের কারণে প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতার দেওয়া আগুন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে এনেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








