ফুটবল মাঠে আবারও ফিরছেন ব্রাজিলের কিংবদন্তি তারকা রোনালদিনহো। দীর্ঘদিন অবসরে থাকার পর ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নার হয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ২০০৫ সালের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। তবে তার এই প্রত্যাবর্তন কেবল প্রচারণার অংশ, নাকি সত্যিকারের ফুটবলে ফেরার চেষ্টা—তা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোলের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী রোববার (১৫ নভেম্বর) স্থানীয় প্রতিদ্বন্দ্বী ফোরলির বিপক্ষে সিরি সি লিগের ম্যাচে রাভেন্নার হয়ে মাঠে নামতে পারেন ৪৬ বছর বয়সী রোনালদিনহো। ক্লাবটির সভাপতি ইগনাজিও সিপ্রিয়ানি শুরু থেকেই জানিয়েছিলেন, ফোরলির বিপক্ষে ডার্বি ম্যাচেই হবে রোনালদিনহোর প্রত্যাবর্তন।
রাভেন্না ক্লাবের সঙ্গে রোনালদিনহোর সম্পর্কের শুরু চলতি বছরের জুনে। সে সময় তাকে দলে নেওয়ার ঘোষণা দেয় ইতালিয়ান ক্লাবটি। শুরুতে অনেকেই বিষয়টিকে প্রচারণার কৌশল বলে মনে করেছিলেন। কারণ, ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেওয়া রোনালদিনহো দীর্ঘদিন ধরে পেশাদার ফুটবলের বাইরে। সর্বশেষ ২০১৫ সালে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে খেলেছিলেন তিনি।
তবে রাভেন্নার সভাপতি সিপ্রিয়ানি জানিয়েছেন, রোনালদিনহোর প্রত্যাবর্তন শুধু বিপণন বা প্রচারণার উদ্দেশ্যে নয়। ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই তিনি আবারও মাঠে নামতে আগ্রহী হয়েছেন। তার স্বপ্ন, ক্যারিয়ারের শেষ গোলটি আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে করা।
রোনালদিনহো শুধু খেলোয়াড় হিসেবেই রাভেন্নায় যোগ দেননি, ক্লাবটির শেয়ারহোল্ডার হিসেবেও যুক্ত হয়েছেন। পাশাপাশি নিজের ‘আর১০’ নামে একটি ক্রীড়াপোশাক ব্র্যান্ড চালুর পরিকল্পনা রয়েছে তার। রাভেন্না হবে এই ব্র্যান্ডের প্রথম দল, যারা এর পোশাক ব্যবহার করবে।
ইতোমধ্যে রোনালদিনহোকে ঘিরে ক্লাবটির বিপণন কার্যক্রমে সাড়া মিলেছে। তার নাম ও ছবি সংবলিত বিশেষ জার্সির প্রথম সীমিত সংস্করণের চালান বিক্রি হয়ে গেছে। তাকে দেখতে সমর্থকদের আগ্রহ বাড়ায় রোববারের ম্যাচের জন্য স্টেডিয়ামে অস্থায়ী গ্যালারিও নির্মাণ করা হয়েছে। টিকিটের চাহিদাও স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেড়েছে।
রাভেন্নার কোচ আন্দ্রেয়া মান্দোরলিনি জানিয়েছেন, ম্যাচে রোনালদিনহোকে প্রায় ৩০ মিনিট খেলানোর পরিকল্পনা রয়েছে। শুক্রবার ইতালিতে পৌঁছানোর পর দলের সঙ্গে মাত্র একটি অনুশীলন করার সুযোগ পাবেন তিনি। ফলে দীর্ঘ বিরতির পর মাঠে তাঁর পারফরম্যান্স কেমন হয়, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
রোনালদিনহোর প্রত্যাবর্তনকে ঘিরে রাভেন্নার দীর্ঘমেয়াদি পরিকল্পনাও রয়েছে। ক্লাবটির সভাপতি সিপ্রিয়ানির লক্ষ্য, দলকে ইতালির শীর্ষ লিগ সিরি আ পর্যন্ত নিয়ে যাওয়া এবং ভবিষ্যতে ইউরোপীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের উপযোগী করে তোলা। এ পরিকল্পনায় রোনালদিনহোকে শুধু খেলোয়াড় নয়, আন্তর্জাতিক দূত ও দীর্ঘমেয়াদি অংশীদার হিসেবেও বিবেচনা করা হচ্ছে।
বার্সেলোনা, এসি মিলান ও প্যারিস সেন্ট জার্মেইয়ের হয়ে খেলা রোনালদিনহো ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। ২০০৫ সালে জিতেছিলেন ব্যালন ডি’অর। তার অসাধারণ ড্রিবলিং, শৈল্পিক ফুটবল ও হাসিমাখা মুখ তাকে বিশ্বজুড়ে কোটি ভক্তের প্রিয় তারকায় পরিণত করেছে।
এখন দেখার বিষয়, দীর্ঘ বিরতির পর ৪৬ বছর বয়সে মাঠে ফিরে কতটা সময় খেলতে পারেন রোনালদিনহো। আপাতত একটি ম্যাচে খেলার পরিকল্পনা থাকলেও ভবিষ্যতে আরও ম্যাচে অংশ নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়নি রাভেন্না কর্তৃপক্ষ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








