চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া পথেরহাটে প্রকাশ্যে মুরাদ নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় পথেরহাট বাজারের একটি মার্কেটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে এক যুবক ব্যবসায়ী মুরাদকে ধাওয়া করে। এ সময় তিনি মার্কেটের ১ নম্বর গলির মা কসমেটিকস অ্যান্ড গিফট হাউস নামে একটি দোকানে আশ্রয় নিলে সেখানে ঢুকে তার পেটে ছুরিকাঘাত করে ওই যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ছুরিকাঘাতের পর হামলাকারী মোবাইল ফোনে ধারণ করা ছবি ও ভিডিও মুছে ফেলার হুমকি দেন। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা তাকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
পরে লোকজন জড়ো হতে থাকলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা আহত মুরাদকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনার পর নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








