কল্পবিজ্ঞানের জগতে তিনি এক কিংবদন্তি। কিন্তু এম জন হ্যারিসন এবার মূলধারার পাঠকের কাছেও পৌঁছে গেছেন। তার নতুন উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’–এর পটভূমি ইংল্যান্ডের কেন্ট উপকূল। পৃথিবীর এক প্রলয়ংকরী ভবিষ্যৎ নিয়ে লেখা এই উপন্যাসের জন্য পেয়েছেন বুকার পুরস্কার। সত্যিই কি তার বিশ্বাস, মানুষের সামনে আর কোনো আশার আলো নেই?
ব্রিটিশ সাংবাদিক ও লেখক লিসা অ্যালার্ডাইসের সাথে এম জন হ্যারিসনের বুকার পাওয়ার পর হওয়া কথপোকথনটি গার্ডিয়ান থেকে দৈনিক এদিন অনুবাদ করে প্রকাশ করল।
রুপালি চুল পেছনে বাঁধা, চোখে একধরনের দুষ্টু ঝিলিক। ৮১ বছর বয়সী এম জন হ্যারিসনকে দেখলে বয়সের কথা মনেই হবে না। তার পুরো নাম মাইকেল, বন্ধুদের কাছে মাইক। নিজের ১৩তম উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’–এর জন্য বুকার পুরস্কার জিতেছেন তিনি। কথোপকথন শুরু হতে দেরি হচ্ছে ইন্টারনেট সংযোগের সমস্যায়। বিষয়টি কিছুটা কৌতুককরও বটে। কারণ, তার উপন্যাসের অন্যতম বিষয়ই হলো—মানুষের পৃথিবীতে অমানবিক এক বুদ্ধিমত্তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলে কী ঘটতে পারে।
বুকার পুরস্কারের ৫৮ বছরের ইতিহাসে এই প্রথম কোনো কল্পবিজ্ঞানধর্মী উপন্যাস পুরস্কারটি পেল। হ্যারিসন প্রায় এত বছর ধরেই লিখছেন। এত দিন পর এই স্বীকৃতি পেয়ে নিজেকে প্রমাণিত মনে হচ্ছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কাছে ব্যাপারটা বেশ কৌতূহলোদ্দীপক। কল্পবিজ্ঞানের কাছাকাছি কোনো বইকেও যে গুরুতর সাহিত্য হিসেবে বিবেচনা করা যায় এবং বুকার পুরস্কার দেওয়া যায়, সেটাই লক্ষ করার মতো।’
তারপর একটু থেমে যোগ করেন, ‘আমার সমস্যা হলো, আমি কখনো সাহিত্যের ধরনভিত্তিক বিভাজনে বিশ্বাস করিনি। কোনোভাবেই না।’ কথাটি বলার সময় তিনি আলতো করে আঙুল নেড়ে ওঠেন।
হ্যারিসনের সঙ্গে কফি খেতে বসলে মনে হতে পারে, গ্যান্ডালফের কোনো হাসিখুশি, পরিচ্ছন্ন দাড়িওয়ালা সংস্করণের সঙ্গে কথা বলছেন। তরুণ বয়সে তিনি টানা এক দশক প্রতিবছর পড়েছেন জে আর আর টলকিনের ‘দ্য লর্ড অব দ্য রিংস’। এতে অবাক হওয়ার কিছু নেই। কল্পবিজ্ঞান সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ লেখক হিসেবে তাকে দীর্ঘদিন ধরেই স্বীকৃতি দেওয়া হচ্ছে। তার অনুরাগীদের তালিকায় রয়েছেন প্রয়াত উরসুলা কে লে গুইন ও ইয়ান ব্যাংকসের মতো লেখক। সমসাময়িক লেখকদের মধ্যে আছেন চায়না মিয়েভিল। এমনকি তার পাঠক সারা জেসিকা পার্কারও—যিনি ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’ তারকা হওয়ার পাশাপাশি গত বছর বুকার পুরস্কারের বিচারক ছিলেন। তবে হ্যারিসন এখনো সাধারণ মানুষের কাছে খুব পরিচিত নাম নন। যদিও পরিস্থিতি বদলাচ্ছে। ২০২০ সালে ‘দ্য সানকেন ল্যান্ড বিগিনস টু রাইজ এগেইন’ উপন্যাসের জন্য তিনি পেয়েছিলেন গোল্ডস্মিথস পুরস্কার। ২০২২ সালে ছিলেন বুকার পুরস্কারের বিচারকও।
‘দ্য এন্ড অব এভরিথিং’ লিখতে তার প্রায় ১৫ বছর লেগেছে। এই দীর্ঘ সময়ে বাস্তব পৃথিবীও যেন উপন্যাসের বিষয়বস্তুকে ক্রমাগত ছাপিয়ে গেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, দেরি-পুঁজিবাদ, পরিবেশ বিপর্যয়, শরণার্থী সংকট, ব্রেক্সিট—আমাদের সময়ের প্রায় সব বড় সংকটেরই ছায়া পড়েছে ছোট অথচ রহস্যময় এই উপন্যাসে। নাম থেকেই বোঝা যায়, এটি যেন পৃথিবীর অন্তিম সময়ের গল্প। হ্যারিসন বলেন, ‘হঠাৎ একদিন মনে হলো, তোমার বয়স তো ৮০। আরেকবার সবকিছুকে খাদের কিনারা পর্যন্ত ঠেলে নিয়ে যেতে পারো। এত দিন আমার নিয়ম ছিল, কোনো কিছুকে যত দূর সম্ভব এগিয়ে নিয়ে গিয়ে শেষ মুহূর্তে একটু পেছনে সরে আসা। কিন্তু এবার ভাবলাম, একেবারে কিনারা পেরিয়ে যাই। দেখা যাক কী ঘটে।’

কী ঘটবে, তার উত্তর অবশ্য সহজে পাওয়া যাবে না। সমালোচকেরা বলেছেন, উপন্যাসটি সচেতনভাবেই কোনো নির্দিষ্ট ব্যাখ্যার মধ্যে নিজেকে আটকে রাখে না। বরং পাঠককে অনিশ্চয়তার মধ্যে রেখে দেয়। এ নিয়ে লেখককে কিছুটা রহস্যময় শোনায়। বলেন, ‘বইয়ের কিছু বিষয় আমি আপনাকে বুঝিয়ে বলতে পারতাম। কিন্তু না, সেটা করতে চাই না।’ হ্যারিসনের কাছে পৃথিবীর সমাপ্তি কোনো প্রচণ্ড বিস্ফোরণের মধ্য দিয়ে আসে না। আসে অন্তহীন বিভ্রান্তির মধ্য দিয়ে। তার ভাষায়, ‘বইটি এমনভাবে লেখা, যাতে বোঝানো যায়—কোনো সমাজ হঠাৎ তার এত দিনের ভিত্তি হারিয়ে ফেললে ব্যাখ্যা করার ক্ষমতা এবং জ্ঞান সম্পর্কে তার প্রচলিত ধারণাগুলো কীভাবে ভেঙে পড়ে।’ উপন্যাসটিকে তিনি কখনো গথিক হরর, কখনো রোড মুভি, কখনো কল্পবিজ্ঞান, আবার কখনো ফ্যান্টাসির মিশ্রণ বলে বর্ণনা করেন। এমনকি তার কাছে এটি একধরনের সমুদ্রতীরবর্তী উপন্যাসও। এর সঙ্গে ব্যঙ্গাত্মক সাহিত্যও যোগ করা যায়। তবে একটি বিষয়ে তিনি স্পষ্ট— এটি ডিস্টোপিয়া নয়। বরং জি জে বলার্ড কিংবা জন উইন্ডহ্যামের প্রাথমিক দিকের উপন্যাসগুলোর ধারায় লেখা বিপর্যয়-পরবর্তী পৃথিবীর গল্প। প্রচলিত কল্পবিজ্ঞানের নিয়মকানুন নিয়েও তিনি খেলতে চেয়েছেন। বিশেষ করে, পাঠক যেন গল্পের চরিত্রগুলোর চেয়ে বেশি কিছু জানতে না পারেন।
হ্যারিসন বলেন, ‘যদি শুরুতেই বলে দেওয়া হতো যে ওগুলো ট্রাইফিড, তাহলে এটি আর সাধারণ কল্পবিজ্ঞানের বাইরে যেত না।’
কেন্টের উপকূলের কোনো এক নামহীন শহরে উপন্যাসটির কাহিনি। সময়টা খুব দূরের ভবিষ্যৎ নয়। সেখানে ব্রিটেন ধীরে ধীরে ভেঙে পড়ছে। পৃথিবীতে আক্রমণ চালিয়েছে এক ভিনগ্রহের প্রাণীপ্রজাতি—আইঘেটিস। তাদের দেখতে অনেকটা ‘লম্বা, কুণ্ডলী পাকানো আলোর বিস্ফোরণ’-এর মতো। প্রাণীগুলোর নামের মধ্যেও লুকিয়ে আছে নানা অর্থ। ‘আই গেট ইট’ অর্থাৎ ‘আমি বুঝতে পারছি’; ‘আই গেট স্টাফ’ অর্থাৎ ‘আমি জিনিসপত্র পাচ্ছি’—ভোগবাদী সংস্কৃতির ইঙ্গিত। আবার আছে বিপুল সম্পদের প্রতীক গেটি, প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল এবং মনোবিশ্লেষণের জনক ফ্রয়েডের ‘আই’ বা ‘আমি’। নামটি প্রথম লেখার পর হ্যারিসনের মনে হয়েছিল, ব্যাপারটা বেশ সস্তা হয়ে যাচ্ছে। কিন্তু পরে আবার পড়ে তিনি বুঝতে পারেন, একটি শব্দের মধ্যেই কত রকমের অস্পষ্টতা ও ইঙ্গিত জমা করা সম্ভব।
উপন্যাসটির বীজ আসলে ২০০৭-০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকট। হ্যারিসন বলেন, ‘আমার ভেতরে প্রচণ্ড ক্ষোভ ছিল। কিন্তু সেই ক্ষোভকে লেখায় রূপ দিতে পারছিলাম না।’ শেষ পর্যন্ত লেখাগুলো সরিয়ে ড্রয়ারে রেখে দেন। ২০১৫ সালে সেগুলো নতুন করে ব্যবহার করেন ‘দ্য ক্রাইসিস’ নামে একটি ছোটগল্প লেখার জন্য। গল্পটি পাঠ করার একটি অনুষ্ঠানে ঘটে যায় ভয়াবহ অভিজ্ঞতা। পূর্ব লন্ডনের সেই অনুষ্ঠানে পাঠ চলার সময় তার মনে হচ্ছিল, জীবনের সবচেয়ে খারাপ বদহজম হয়েছে। তিনি ভেবেছিলেন, অনুষ্ঠানের আগে দুই গ্লাস রেড ওয়াইন ও পিৎজা খাওয়ার ফলেই এমন হচ্ছে। কিন্তু দুই দিন পর তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানান, তার হার্ট অ্যাটাক হয়েছিল। তখন তার বয়স ৭০ হতে আর সামান্য বাকি। পরে ‘দ্য ক্রাইসিস’ গল্পটির কাছে ফিরে এসে তিনি বুঝতে পারেন, এর মধ্যেই লুকিয়ে আছে একটি পূর্ণাঙ্গ উপন্যাসের কাঠামো। তাঁর মনে হয়েছিল, ‘বাহ, এ তো দারুণ!’ তারপরই শুরু করেন নতুন করে লেখা।
যুদ্ধের ছায়ায় শৈশব, বইয়ের আলমারিতে কল্পনার পৃথিবী
১৯৪৫ সালে ইংল্যান্ডের ওয়ারউইকশায়ারের রাগবি শহরে জন্ম হ্যারিসনের। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখনো খুব বেশি দূরের অতীত নয়। যুদ্ধের স্মৃতি তাঁর শৈশবকে গভীরভাবে প্রভাবিত করেছিল।
‘যুদ্ধের কথা কখনো ভুলতে দেওয়া হতো না,’ বলেন তিনি।
তার বাবা ছিলেন প্রকৌশলী। পরিবার থাকত যুদ্ধ-পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ পেশার কর্মীদের জন্য তৈরি আধুনিক বাড়ির একটি আবাসিক এলাকায়। শৈশবের একটি স্মৃতি আজও তার মনে উজ্জ্বল। বাড়িতে ছিল নার্নিয়া গল্পের মতো একটি পুরোনো আলমারি। সেটির ভেতরে ঢুকলে পাওয়া যেত নানা ধরনের বই। বিশ শতকের বিশের দশকের রোমাঞ্চকর উপন্যাস থেকে শুরু করে সমসাময়িক কল্পবিজ্ঞানের সাময়িকী—কী ছিল না সেখানে! হ্যারিসন বলেন, ‘ওখানে এমন সব বই ছিল, যেগুলো পড়তে আমাদের নিরুৎসাহিত করা হতো। অথচ কল্পনাশক্তি গড়ে তোলার জন্য এর চেয়ে অসাধারণ শিক্ষা আর হতে পারে না।’
বইগুলো কার ছিল, তা তিনি জানেন না। বাড়ির নিচতলার বসার ঘরে তার মা-বাবার একটি ছোট বইয়ের তাক ছিল। সেখানে রাখা ছিল কিছু ধ্রুপদি সাহিত্য। কিন্তু আলমারির ভেতরের বইগুলো ছিল একেবারেই অন্য জগতের। ১৩ বছর বয়সে বাবাকে হারান হ্যারিসন। তার মা সেই শোক কখনো কাটিয়ে উঠতে পারেননি। নিজের আত্মজীবনী লিখলে মায়ের জীবনে বাবার মৃত্যুর প্রভাব নিয়ে বিস্তারিত লিখবেন বলে জানান তিনি।

লেখক হওয়ার সিদ্ধান্ত, অনিশ্চিত জীবন ২১ বছর বয়সে ‘সায়েন্স ফ্যান্টাসি’ নামের কল্পবিজ্ঞান সাময়িকীতে তার প্রথম ছোটগল্প প্রকাশিত হয়। ১৯৬৮ সালে তিনি ‘নিউ ওয়ার্ল্ডস’ পত্রিকার সাহিত্য সম্পাদক হন। লেখালেখির পাশাপাশি নানা ধরনের কাজ করেছেন—শিকারি ঘোড়ার আস্তাবলে দেখাশোনা, কেরানির চাকরি, শিক্ষানবিশ শিক্ষকতা। কিন্তু একসময় সিদ্ধান্ত নেন, লেখক হতে হলে শুধু লেখালেখিই করবেন; এর পরিণতি যা-ই হোক। নিজেকে অনেকটা হিপি হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম, লেখালেখি করতে চাইলে শুধু সেটাই করতে হবে। তার জন্য যা কিছু ভোগ করতে হয়, তা মেনে নিতে হবে।’
এর অর্থ ছিল কখনো অন্যের বাড়ির সোফায় রাত কাটানো, কখনো খাবারের অভাবে দিন পার করা। সে সময় পশ্চিম লন্ডনে তার মতো আরও অনেক লেখক প্রায় একই রকম দুর্দশার মধ্যে দিন কাটাতেন। হ্যারিসন বলেন, ‘পশ্চিম লন্ডন তখনো আজকের পশ্চিম লন্ডন হয়ে ওঠেনি। আমরা সবাই ভয়াবহ পরিস্থিতিতে বাস করতাম। কিন্তু সময়টা দারুণ উপভোগ করেছি।’
সেই অনিশ্চিত দিনগুলো পেরিয়ে আজ তিনি কল্পবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ লেখক। আর ৮১ বছর বয়সে এসে এমন একটি উপন্যাসের জন্য বুকার পুরস্কার পেলেন, যে উপন্যাসে মানুষের ভবিষ্যৎ নিয়ে আশাবাদের চেয়ে প্রশ্নই বেশি। তবে হ্যারিসনের লেখার জগতে প্রশ্নের উত্তর দেওয়ার চেয়ে প্রশ্নের গভীরে পাঠককে নিয়ে যাওয়াটাই যেন বেশি জরুরি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








