দক্ষিণী সিনেমার দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে ধানুশ অভিনীত ‘ওম: চ্যাপ্টার ১—উধিরাম: দ্য ব্লাড উড’ সিনেমার ট্রেলার। প্রায় তিন মিনিটের ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন ধানুশ, মাম্মুটি ও সাই পল্লবী। বিশেষ করে ধানুশের নতুন লুক, দুর্দান্ত অ্যাকশন এবং মাম্মুটির সঙ্গে তার রসায়ন দর্শকদের নজর কেড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১৩ নভেম্বর) সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়। ট্রেলারটি দেখার পর অনেক দর্শক ধানুশের অভিনয় ও শারীরিক পরিবর্তনের প্রশংসা করেছেন। একজন ভক্ত তাকে ‘অ্যাবসলিউট ইনফার্নো’ বলে মন্তব্য করেছেন। অন্যদিকে সাই পল্লবীর অভিব্যক্তি ও পর্দায় উপস্থিতিও প্রশংসা পেয়েছে।
ট্রেলারটির গল্প আবর্তিত হয়েছে অন্ধ্র প্রদেশের শেশাচলম বনাঞ্চলে চন্দনকাঠ পাচারকে কেন্দ্র করে। এতে ধানুশকে দেখা যাবে তামিলনাড়ু পুলিশের সংগঠিত অপরাধ গোয়েন্দা ইউনিটের একজন কর্মকর্তার চরিত্রে। পাচারচক্রের ভেতরে প্রবেশ করতে তিনি কাঠুরিয়ার ছদ্মবেশ ধারণ করেন।
অন্যদিকে সাই পল্লবী অভিনয় করেছেন অন্ধ্র প্রদেশের বিশেষ পুলিশ বাহিনীর কর্মকর্তা নিত্যা রেড্ডির চরিত্রে। তিনি পাচারচক্রের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন মোল’র নেতৃত্ব দেন। ট্রেলারে তার দৃঢ় উপস্থিতি ও অ্যাকশন দৃশ্যও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি মাম্মুটির চরিত্র। তাকে দেখা যাবে সিয়া নামের রহস্যময় এক ব্যক্তির ভূমিকায়, যিনি আড়াল থেকে চন্দনকাঠ পাচারচক্র নিয়ন্ত্রণ করেন বলে ট্রেলারে ইঙ্গিত পাওয়া গেছে। ধানুশ ও মাম্মুটির মুখোমুখি দৃশ্যগুলো দর্শকদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করেছে।
ট্রেলারের অ্যাকশন দৃশ্য, সম্পাদনা ও দৃশ্যায়ন নিয়েও ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে। বিশেষ করে রক্তাক্ত সংঘর্ষ এবং বনাঞ্চলের লড়াইয়ের দৃশ্যগুলো দর্শকদের নজর কেড়েছে। তবে সংগীত ও সাউন্ড মিক্সিং নিয়ে কিছু দর্শক অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, অতিরিক্ত আবহসংগীতের কারণে কয়েকটি দৃশ্যে সংলাপ স্পষ্টভাবে শোনা যায়নি।
সিনেমাটি পরিচালনা করেছেন রাজকুমার পেরিয়াসামি। তার পরিচালনায় ধানুশ, মাম্মুটি ও সাই পল্লবীর পাশাপাশি অভিনয় করেছেন শ্রীলীলা। তামিল ভাষার পাশাপাশি তেলুগু, হিন্দি, মালয়ালম ও কন্নড় ভাষায়ও মুক্তি পাবে সিনেমাটি।
এর আগে সিনেমাটির মুক্তির তারিখ পরিবর্তন করা হয়েছিল। প্রথমে ১৬ অক্টোবর মুক্তির পরিকল্পনা থাকলেও পরে ২০ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন নির্মাতারা। রজনীকান্তের ‘জেলার ২’ এবং সূরিয়ার ‘সিন’ সিনেমার মুক্তির সময়সূচির বিষয়টিও তারিখ পরিবর্তনের সিদ্ধান্তে ভূমিকা রেখেছে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।
আগামী ২০ নভেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ওম’। ট্রেলার প্রকাশের পর দর্শকদের আগ্রহ বেড়েছে। এখন দেখার বিষয়, ট্রেলারের এই সাড়া বক্স অফিসেও কতটা প্রভাব ফেলতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








