দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে ৫১১ জন শিল্প উদ্যোক্তাকে ১৪ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকা ঋণ দিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। এ ঋণের মাধ্যমে নতুন ও বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানে ২ হাজার ৪৫০ জনের কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তেজগাঁওয়ে বিসিক ভবনের সম্মেলনকক্ষে এ ঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, বিসিক বর্তমানে ২ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দিতে পারে। এর বেশি ঋণের ক্ষেত্রে জামানত প্রয়োজন হয়। জেলা পর্যায়ে ৫ লাখ টাকা এবং বিসিকের মাধ্যমে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। ভবিষ্যতে জামানতবিহীন ঋণের পরিমাণ বাড়ানোর বিষয়টি পর্যালোচনা করা হবে। ঋণ আদায়ের হার ৯০ শতাংশের বেশি উল্লেখ করে তিনি বলেন, এটি উদ্যোক্তাদের দায়িত্বশীলতার প্রমাণ। আগামী পাঁচ বছরে বিসিকের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেন, দীর্ঘ প্রায় ৭০ বছর ধরে বিসিক ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থান সম্প্রসারণে কাজ করছে। দেশব্যাপী ১৯৩টি কার্যালয়ের মাধ্যমে উদ্যোক্তাদের ঋণ, প্রশিক্ষণ ও পণ্যের বাজারজাতকরণে সহায়তা দেওয়া হচ্ছে। এবারের ঋণগ্রহীতাদের অর্ধেকের বেশি নতুন উদ্যোক্তা, যা অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করবে।
বিসিকের চারটি আঞ্চলিক কার্যালয়ের আওতায় এ ঋণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ২৩৫ জন বিদ্যমান উদ্যোক্তাকে ৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা এবং ২৭৬ জন নতুন উদ্যোক্তাকে ৬ কোটি ৭১ লাখ ৮০ হাজার টাকা দেওয়া হয়েছে।
ঋণগ্রহীতাদের মধ্যে ২৩২ জন নারী ও ২৭৯ জন পুরুষ উদ্যোক্তা রয়েছেন। নারী উদ্যোক্তারা পেয়েছেন ৬ কোটি ৪০ লাখ ৩০ হাজার টাকা এবং পুরুষ উদ্যোক্তারা পেয়েছেন ৭ কোটি ৬৩ লাখ টাকা।
আঞ্চলিক হিসাবে ঢাকা অঞ্চলে ১৮১ জনকে ৪ কোটি ৭৯ লাখ টাকা, চট্টগ্রামে ৮৯ জনকে ২ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকা, রাজশাহীতে ১১৮ জনকে ৩ কোটি ৩৫ লাখ টাকা এবং খুলনায় ১২৩ জনকে ৩ কোটি ৭৩ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে।
খাদ্য ও খাদ্যজাত, বস্ত্র ও বস্ত্রজাত, হালকা প্রকৌশল, কৃষি ও কৃষিজাত, বন ও বনজাত, চামড়া ও চামড়াজাত, পাট ও পাটজাত, প্লাস্টিক, ইলেকট্রনিকস ও সেবাসহ মোট ১৪টি শিল্প খাতে এ ঋণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে খাদ্য ও খাদ্যজাত শিল্পের ২২০ জন এবং বস্ত্র ও বস্ত্রজাত শিল্পের ১২২ জন উদ্যোক্তা ঋণ পেয়েছেন।
বর্তমানে বিসিকের নিজস্ব তহবিল (বিনিত) ঋণ কর্মসূচি, ১০০ কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে মৌচাষ উন্নয়ন ঋণ কর্মসূচি—এই তিনটি ঋণ কর্মসূচি চালু রয়েছে। আগামী পাঁচ বছরে এসব কর্মসূচির মাধ্যমে ৩৫০ কোটি টাকা ঋণ বিতরণ এবং প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে বিসিকের।
এ ছাড়া শিল্পনগরীর ভেতরে ও বাইরের উদ্যোক্তাদের জন্য ৫ হাজার কোটি টাকার ঋণ তহবিল গঠন, রুগ্ণ ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু এবং হালকা প্রকৌশল শিল্পের উন্নয়নে বিশেষ ঋণ তহবিল গঠনের পরিকল্পনাও রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








