সিলেটের ওসমানীনগরে পারিবারিক বিরোধের জেরে দুই ভাইয়ের মারামারির মধ্যে পড়ে অন্তঃসত্ত্বা লাকি বেগমের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ভাসুর কবির মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) কবির মিয়াকে গ্রেপ্তার করা হয়। নিহত লাকি বেগম উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের পূর্ব ব্রাহ্মণ গ্রামের জোনেদ মিয়ার স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পারিবারিক বিরোধের জেরে জোনেদ মিয়া ও তার বড় ভাই কবির মিয়ার মধ্যে মারামারি হয়। এ সময় তাদের থামাতে এগিয়ে গেলে লাকি বেগমের পেটে লাথি মারেন কবির মিয়া। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, পারিবারিক বিরোধের জেরে দুই ভাইয়ের মারামারির সময় লাকি বেগমের পেটে লাথি মারেন তাঁর ভাসুর কবির মিয়া। পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় কবির মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








