ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের ছয় দিন পর কালীনদী থেকে তুষার পাল (৫০) নামের এক দিনমজুরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার কচুয়া গ্রামের পালপাড়া কালীনদীর ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তুষার পাল উত্তর কচুয়া গ্রামের পালপাড়ার মৃত তরুন পালের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কচুয়া গ্রামের নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করলে স্বজনরা তুষার পালকে শনাক্ত করেন। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তুষার পালের ভাতিজা তরঙ্গ পাল জানান, ১০ নভেম্বর সকালে কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তুষার। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার দুপুর ১টার দিকে স্থানীয়রা নদীতে মরদেহটি দেখতে পান। পুলিশ উদ্ধারের পর তারা সেটি তুষার পালের বলে শনাক্ত করেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








