অগ্রহায়ণের মাঠজুড়ে সোনালি ধানের সমারোহ। কোথাও ধান কাটার ব্যস্ততা, কোথাও নতুন ফসল ঘরে তোলার প্রস্তুতি। কৃষকের মুখে নবান্নের আনন্দ। এমন উৎসবমুখর সময়ে দিনাজপুরের বীরগঞ্জে ঢেপা নদী সেচ প্রকল্প এলাকায় আমন ধানের বাম্পার ফলনের খবর কৃষকদের মনে নতুন আশার সঞ্চার করেছে। প্রদর্শনী প্লটে হেক্টরপ্রতি ৫ দশমিক ৮ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে, যা প্রচলিত হিসাবে বিঘাপ্রতি প্রায় ১৯ মণ।
সোমবার (১৬ নভেম্বর) অগ্রহায়ণের প্রথম দিনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঢেপা নদী সেচ প্রকল্প এলাকায় আমন ধানের মাঠ দিবস ও শস্য কর্তন কর্মসূচিতে এ ফলন পাওয়া যায়। এদিন ব্রি ধান-৯৩ জাতের ধান কেটে ফলন মূল্যায়ন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফলনে সন্তোষ প্রকাশ করেন কৃষি কর্মকর্তারা ও স্থানীয় কৃষকেরা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিকল্পিত সেচসুবিধা, উন্নত জাতের বীজ, আধুনিক কৃষিপ্রযুক্তি এবং কৃষকদের পরিশ্রমের সমন্বয়ে এ সাফল্য এসেছে। ঢেপা নদী সেচ প্রকল্পের আওতায় পর্যাপ্ত পানি পাওয়ায় আমন চাষে উৎপাদনশীলতা বাড়ছে। পাশাপাশি উন্নত জাতের ধান চাষেও আগ্রহী হচ্ছেন কৃষকেরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রংপুরের মুখ্য সম্প্রসারণ কর্মকর্তা অমলেশ চন্দ্র রায়, ঠাকুরগাঁওয়ের উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা রফিউল বারি, দিনাজপুরের সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমানসহ স্থানীয় কৃষকেরা।

এ সময় কর্মকর্তারা উন্নত জাতের ধান চাষ, পরিকল্পিত সেচ ব্যবস্থাপনা ও আধুনিক কৃষিপ্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেন। তাদের মতে, মাঠ দিবস ও শস্য কর্তনের মাধ্যমে কৃষকেরা নতুন জাতের ধানের ফলন সরাসরি দেখতে পারছেন। এতে তাঁদের অভিজ্ঞতা বাড়বে এবং উন্নত প্রযুক্তি ব্যবহারে আগ্রহ তৈরি হবে।
কৃষির মাঠে এমন সাফল্য শুধু একটি প্রদর্শনী প্লটের ফলনেই সীমাবদ্ধ নয়। পরিকল্পিত সেচ, উন্নত বীজ ও আধুনিক প্রযুক্তির সমন্বয় যে আমন উৎপাদনে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে, বীরগঞ্জের ঢেপা নদী সেচ প্রকল্পের এই ফলন তারই ইঙ্গিত দিচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








