তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে গত দেড় দশকের প্রকল্প, চুক্তি ও কার্যক্রম পর্যালোচনা করে প্রকাশিত শ্বেতপত্রের সুপারিশের আলোকে ৬১ জন কর্মকর্তা ও কনসালটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।
তিনি জানান, এসবের মধ্যে ১৯ জন কনসালটেন্টের চুক্তি বাতিল করা হয়েছে, ১৭ জন স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা দিয়েছেন, দুজন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে, দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, সাতজন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম চলমান রয়েছে এবং ১৪ জন কর্মকর্তা-কনসালটেন্টকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, ‘‘আইসিটি বিভাগের গত দেড় দশকের বিভিন্ন অনিয়ম পর্যালোচনা করে ২০২৫ সালের নভেম্বর মাসে শ্বেতপত্র প্রকাশ করা হয়। এর সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড এবং এটুআই প্রকল্পে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।’’
তিনি জানান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ১৯ জন কনসালটেন্টের চুক্তি বাতিল করা হয়েছে এবং ১৭ জন কনসালটেন্ট স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। এ ছাড়া দুজন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের সাতজন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম চলমান রয়েছে। অন্যদিকে, এটুআই প্রকল্পের ১৪ জন কর্মকর্তা-কনসালটেন্টকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, ‘‘এ-সংক্রান্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) কয়েকটি চলমান তদন্তে আইসিটি বিভাগ থেকে পূর্ণ সহযোগিতা দেওয়া হচ্ছে।’’
তিনি জানান, গত দেড় দশকে আইসিটি বিভাগের নেওয়া বিভিন্ন প্রকল্প পর্যালোচনা করা হয়েছে। পর্যালোচনার ভিত্তিতে প্রকল্প থেকে অপ্রয়োজনীয় কার্যক্রম বাদ দিয়ে সেগুলো পুনর্বিন্যাস ও পরিসর সংশোধন করা হয়েছে।
আইসিটি বিভাগের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রকল্পে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পরিবর্তন ও পুনর্বণ্টন করা হয়েছে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, ‘‘বিভিন্ন প্রকল্পের ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রকল্পগুলো নিবিড়ভাবে পরিবীক্ষণ করা হচ্ছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








