যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি ও চাপের মুখে ওয়াশিংটনকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, সামরিক শক্তিতে এগিয়ে থাকলেই যুদ্ধে জয় নিশ্চিত হয় না। ইতিহাসে এমন অনেক উদাহরণ রয়েছে, যেখানে অতিরিক্ত সামরিক শক্তির ওপর নির্ভর করেও পরাজিত হতে হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি লিখেছেন, ‘যাদের হাতে তলোয়ার রয়েছে, তাদের কাছে আইন নিয়ে কথা বলবেন না।’ তিনি এ কথাটি এক রোমান সেনাপতির বলে উল্লেখ করেন। ওই সেনাপতি সংখ্যাগতভাবে এগিয়ে থাকা সত্ত্বেও এক সামরিক অভিযানে ভয়াবহ পরাজয়ের মুখে পড়েছিলেন। যুদ্ধক্ষেত্র থেকে পালানোর পর তাকে শিরশ্ছেদ করা হয় বলেও উল্লেখ করেন আরাগচি।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকি ও চাপের মধ্যেই এমন মন্তব্য করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। রোমান সেনাপতির পরিণতির কথা তুলে ধরে তিনি মূলত সামরিক শক্তির ওপর অতিরিক্ত নির্ভরতার বিপদ সম্পর্কে ওয়াশিংটনকে সতর্ক করেছেন।

পোস্টের শেষ দিকে আরাগচি ইতিহাসের একটি বিখ্যাত উক্তি স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ‘যারা অতীতকে মনে রাখতে পারে না, তারা একই ভুলের পুনরাবৃত্তি করতে বাধ্য হয়।’
মার্কো রুবিওর বক্তব্যে যুদ্ধাপরাধের ইঙ্গিত দেখছে ইরান
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
১৪ নভেম্বর ফেডারেলিস্ট সোসাইটির এক অনুষ্ঠানে রুবিও বলেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা অর্থনৈতিক চাপের কারণে ইরান সরকার ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ফলে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই বলে তিনি মনে করেন। তবে ইরান যাতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেটিই যুক্তরাষ্ট্রের বিজয় হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেন তিনি। রুবিওর বক্তব্যের বিশেষ করে ‘তাদের শেষ পর্যন্ত খেতেই হবে’ মন্তব্যের তীব্র সমালোচনা করেন বাঘাই। তাঁর মতে, ইরানের জনগণকে অনাহারে রাখার হুমকি হিসেবেই এ বক্তব্য দেওয়া হয়েছে।
বাঘাই আরও বলেন, কয়েক দশক ধরে হুমকি, নিষেধাজ্ঞা, সন্ত্রাসবাদ ও আগ্রাসনের নীতি অনুসরণ করেও যুক্তরাষ্ট্র একই ভুল করে যাচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর প্রায় নয় মাস পেরিয়ে গেলেও ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ তেহরানকে যুক্তরাষ্ট্রের শর্তে আলোচনার টেবিলে আনতে পারেনি। ইরান বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন পর্যন্ত কোনো সরাসরি আলোচনা হয়নি। কাতার ও পাকিস্তানের মাধ্যমে নিজেদের অবস্থান ও শর্ত জানানো হয়েছে মাত্র।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








