বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) পরিবহন কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক কমিটি ২০২২-২০২৪ মেয়াদের জন্য গঠিত হলেও নির্ধারিত সময় পেরিয়ে প্রায় দুই বছর অতিবাহিত হতে চলেছে। তবে এখনো নতুন কমিটি গঠন কিংবা নির্বাচন আয়োজনের কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি। এ পরিস্থিতিতে পরিবহন বিভাগের বিভিন্ন কর্মচারীর মধ্যে অসন্তোষ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
পরিবহন ইউনিয়নের ২০২২-২০২৪ মেয়াদের কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পান মো. মনিরুজ্জামান মনু এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মো. শয়ন মিয়া। এছাড়া সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ ও অন্যান্য পদেও প্রতিনিধিরা নির্বাচিত হয়েছিলেন। কিন্তু কমিটির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরও নতুন নির্বাচন না হওয়ায় পুরোনো কমিটির সদস্যরাই দায়িত্ব পালন করে যাচ্ছেন।
পরিবহন বিভাগের একাধিক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, একটি দ্বি-বার্ষিক কমিটির মেয়াদ শেষ হওয়ার পর স্বাভাবিক নিয়মেই নতুন নির্বাচন হওয়ার কথা। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নির্বাচন বা নতুন কমিটি গঠনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না থাকায় কর্মচারীদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তারা মনে করেন, ইউনিয়নের কার্যক্রমকে আরও গতিশীল ও অংশগ্রহণমূলক করতে নিয়মিত নির্বাচন প্রয়োজন।
পরিবহন বিভাগের একজন কর্মচারী বলেন, “আমরা চাই একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক। পরিবহন ইউনিয়ন তো কর্মচারীদের অধিকার ও কল্যাণের জন্য। তাই নতুন নেতৃত্ব নির্বাচনের সুযোগ সবার থাকা উচিত।”
এ বিষয়ে বর্তমান সভাপতি মো. মনিরুজ্জামান মনু বলেন, “কমিটির মেয়াদ শেষ হয়েছে, বিষয়টি সত্য। ব্রাকসু হওয়ার পরবর্তীতে আমাদের নির্বাচন হওয়ার কথা কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হয়েছিলো ছাত্র সংসদ না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না বিশ্ববিদ্যালয়ে।”
সাধারণ সম্পাদক মো. শয়ন মিয়া বলেন, “আমাদের কমিটির পরবর্তী নির্বাচন হওয়ার কথা ছিল শিক্ষক নির্বাচনের পরে কিন্তু এখনো শিক্ষক সমিতির নির্বাচন না হওয়ায় কোনো নির্বাচন দিতে পারছি না। এটা একটা নিয়মের মধ্যে রয়েছে।”
তবে এ বক্তব্যে পুরোপুরি সন্তুষ্ট নন অনেক কর্মচারী। পরিবহন বিভাগের আরেক কর্মচারী বলেন, “নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হওয়ার পরও দীর্ঘদিন একই নেতৃত্ব বহাল থাকা গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত।”
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্র বলছে, কর্মচারী সংগঠনগুলোর নিয়মিত নির্বাচন ও নেতৃত্বের পরিবর্তন সংগঠনের জবাবদিহিতা ও কার্যকারিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পরিবহন কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি গঠন নিয়ে সদস্যদের প্রত্যাশা দিন দিন বাড়ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









