মেধাভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী চর্চা বিস্তারে রূপগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবন প্রদর্শনী। উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এ প্রদর্শনীতে উঠে আসে নানা বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও সৃজনশীল উদ্ভাবন। অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিজ্ঞানাগারের সংকট দ্রুত নিরসনের আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
শুক্রবার (১২ জুন) সকালে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে এ আয়োজন করা হয়। একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রচনা, উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি দিপু বলেন, ‘‘দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জনে রূপগঞ্জের শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে। এজন্য শিক্ষা, প্রযুক্তি ও উদ্ভাবন খাতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ চলছে।’’
তিনি বলেন, ‘‘অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞানাগারের অভাবে শিক্ষার্থীদের উদ্ভাবনী কর্মকাণ্ড সীমিত হয়ে পড়ছে। এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদি ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মারজানুর রহমান, রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাহউদ্দিন, তদন্ত ওসি মোক্তার হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









