ঢাকা কলেজে পোস্টার লাগানোকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে বেলা দেড়টার দিকে ক্যাম্পাসে মিছিল করেন ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মামুন শেখ বলেন, “আমাদের আগে থেকেই পূর্বঘোষিত ‘জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক একটি কর্মসূচি ছিল। আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে গ্যালারি ২-এর সামনে পোস্টার লাগাচ্ছিলেন। এমন সময় ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে আমাদের প্রায় ২০ জন নেতাকর্মী আহত হন। এছাড়া একজনের মাথা ফেটে যায়।”
তিনি অভিযোগ করেন, এ সময় ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশারফের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী এসে আব্দুল মালেকসহ কয়েকজনকে মারধর করেন। এতে আব্দুল মালেক মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
অন্যদিকে রাসেল নামে এক ছাত্রদলের কর্মীর দাবি, সকালে শিবিরের একটি কর্মসূচিকে কেন্দ্র করে বহিরাগত শিবিরের কর্মীরা ক্যাম্পাসে জড়ো হন। এ সময় তারা ছাত্রদলের কর্মীদের উসকানিমূলক কথাবার্তা বলেন এবং এক কর্মীকে মারধর করেন। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রদলের নেতাকর্মীরা একত্র হয়ে ক্যাম্পাসে মিছিল বের করেন। পরে শিবিরের নেতাকর্মীরা হামলা চালিয়ে ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘‘ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে ছাত্রদল ও শিবিরের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। কয়েকজন আহত হয়েছেন। ক্যাম্পাসের ভেতরে পুলিশ থাকে না। খবর পেয়ে পুলিশ সেখানে গেছে।’’
সংঘর্ষের পর শিবির কর্মীরা কলেজ থেকে বের হয়ে যান, এরপর ছাত্রদলের কর্মীরা ঢাকা কলেজের প্রধান ফটোকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









