কৃষি সচিব মো. সেলিম খান বলেছেন, দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। কৃষকের কাছে সঠিক সময়ে, নির্ধারিত দামে ও নির্বিঘ্নে সার পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। সার বিতরণে গাফিলতি, অনিয়ম কিংবা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসন আয়োজিত কৃষক পর্যায়ে সার বিতরণ ব্যবস্থাপনা পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সচিব বলেন, সরকারকে বিব্রত করতে কোনো স্বার্থান্বেষী মহল সার নিয়ে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ডিলারদের বরাদ্দ করা সার যথাসময়ে উত্তোলন ও কৃষকের কাছে সরবরাহ নিশ্চিত করতে হবে। কোনো ডিলার ব্যক্তিগত, রাজনৈতিক বা অন্য স্বার্থে সার উত্তোলন না করে সংকট তৈরির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বরাদ্দ পাওয়ার পরও সার উত্তোলন না করলে ডিলারশিপ তাৎক্ষণিক বাতিল করা হবে।
ডিলারদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী প্রতি কেজি সার পরিবহনের খরচ ২ টাকা থেকে বাড়িয়ে ৩ টাকা করেছেন উল্লেখ করে তিনি বলেন, কৃষকের ভোগান্তি এড়াতে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সার বিক্রয়কেন্দ্র খোলা রাখতে হবে। নির্দিষ্ট দিনে সার বিতরণের নামে মাইকিং করে কৃষকদের ভোগান্তিতে ফেলা যাবে না। প্রতিদিন কৃষকের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করতে হবে। বিক্রয়কেন্দ্রে মজুতের পরিমাণ দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং সরকার নির্ধারিত মূল্যতালিকা টানিয়ে রাখতে হবে। এ বিষয়ে কৃষি বিভাগ ও প্রশাসনকে নিয়মিত তদারকি করতে হবে।
‘কৃষি বাঁচলে দেশ বাঁচবে, কৃষক বাঁচলে দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত হবে’ মন্তব্য করে কৃষি সচিব বলেন, কৃষকদের ক্ষমতায়ন ও সম্মানিত করতে সরকার কৃষক কার্ড চালুর উদ্যোগ নিয়েছে। পর্যায়ক্রমে আড়াই কোটি কৃষককে এ কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। চলতি বছর ৪৩ লাখ কৃষককে কার্ড দেওয়া হবে।
৩০ নভেম্বর কুষ্টিয়া এবং ৫ ডিসেম্বর গাইবান্ধায় প্রধানমন্ত্রী প্রায় তিন লাখ কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবেন। এটি প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্প।
কৃষির স্বার্থে কৃষক, কৃষি কর্মকর্তা, সার ডিলার, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রশাসনের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, রাজশাহী রেঞ্জের ডিআইজি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, বিজিবি ও এসআরইবির প্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সার ডিলার প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








