নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতা ও জমিসংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় দীর্ঘদিন পলাতক থাকা পরোয়ানাভুক্ত আসামি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ৩ জুন দুপুর আড়াইটার দিকে উপজেলার বাঘবের এলাকায় বাদী গিয়াস উদ্দিনের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান জাহাঙ্গীরসহ কয়েকজন। এ সময় গিয়াস উদ্দিনের ছেলে মো. দিপু মিয়াকে হত্যার উদ্দেশ্যে রামদা, চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। পাশাপাশি লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে তাঁকে গুরুতর জখম করা হয়। এতে দিপুর হাত-পায়ের একাধিক হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তার মা আনোয়ারা খাতুনকেও মারধর করা হয়। এ ছাড়া বাড়িঘর ভাঙচুর করে নগদ ৮ লাখ ৫৫ হাজার টাকা ও প্রায় তিন ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ করা হয়েছে। গুরুতর আহত দিপুকে প্রথমে আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে জাহাঙ্গীর পলাতক ছিলেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, হত্যাচেষ্টা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








