দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক ও নির্বাচিত সরকারের মানবিকতার সুযোগ নিয়ে কেউ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব ও নগর উন্নয়নের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বরিশাল নগরের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে মহানগর বিএনপি। মিছিল শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।
জিয়া উদ্দিন সিকদার বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশের মানুষ একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিকতার পরিচয় দিচ্ছেন। কিন্তু একটি মহল সেই সুযোগ নিয়ে বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এতে সাধারণ মানুষের জানমালের ক্ষতি হচ্ছে এবং জনজীবনের শান্তি বিঘ্নিত হচ্ছে।
তিনি আরও বলেন, ‘আমরা দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি। এখন আবার লড়াই করব। জনগণের স্বার্থের পরিপন্থী যে-ই কাজ করবে, তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব।’

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের জানমাল ও শান্তি রক্ষায় মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছেন। বিশৃঙ্খলা ও স্বৈরাচারী কর্মকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত তাঁদের অবস্থান অব্যাহত থাকবে।
বিক্ষোভ মিছিলে মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








