ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক নারী যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের কসমস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও হাইওয়ে পুলিশ জানায়, দুপুরে মানিকগঞ্জগামী নীলাচল পরিবহনের একটি বাস কসমস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান বেপরোয়া গতিতে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের কাচ ভেঙে এক নারী যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। বাসের আরও অন্তত ১৯ যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সাভার হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠায়।
পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নিলে দুপুর দেড়টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সড়ক থেকে সরিয়ে নেয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








